হোম > খেলা > ক্রিকেট

১১ জনকেই বোলিং করাল ঢাকা, ইনিংস হারের শঙ্কায় বরিশাল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

চট্টগ্রামের হয়ে সেঞ্চুরি করেন ইরফান শুক্কুর। ছবি: বিসিবি

জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় দিনে রানবন্যার মাঝেও ভিন্ন এক ঘটনায় দৃষ্টি কাড়ল ঢাকা বিভাগ। সিলেটে বোলারদের নিষ্ফলা দিনে একাদশের ১১ জনকেই বল হাতে নামায় ঢাকা। ড্রয়ের পথে থাকা ম্যাচে ঢাকার ৬ উইকেটে ৫৪৭ রানের জবাবে দিন শেষে সিলেটের সংগ্রহ ৫ উইকেটে ৪৩১ রান। ফিফটি পেয়েছেন সিলেটের চার ব্যাটার—আসাদুল্লাহ আল গালিব ৮৯, আশরাফুল হাসান অপরাজিত ৮১, অধিনায়ক জাকির হাসান ৬৫ ও সৈকত আলী ৬০।

উইকেটকিপিং ছেড়ে ১ ওভার বল করেন ঢাকার অধিনায়ক মাহিদুল ইসলামও। স্বীকৃত ক্রিকেটে ২৬৩ ম্যাচে এটিই তাঁর প্রথম বোলিং। দেশের প্রথম শ্রেণির ইতিহাসে ইনিংসে ১১ বোলারের বল করার এটি মাত্র সপ্তম ঘটনা। এর আগে ২০০৪-০৫ মৌসুমে এই সিলেটেই সিলেটের বিপক্ষে এমন করেছিল ঢাকা।

মিরপুরে প্রথম ইনিংসে ১১৯ রানে অলআউট রাজশাহী দ্বিতীয় ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। দিন শেষে ৩ উইকেটে ৩০০ রান তুললেও খুলনার প্রথম ইনিংসের (৪৮৪) চেয়ে তারা এখনো ৬৫ রানে পিছিয়ে। সকালে ৯ উইকেটে ৪৬৩ রান নিয়ে নামা খুলনা শেষ পর্যন্ত তোলে ৪৮৪। জবাবে উদ্বোধনী জুটিতে ১২৬ রান যোগ করেন রাজশাহীর হাবিবুর রহমান ও সাব্বির হোসেন। ৮৩ বলে ৬ চার ও ৮ ছক্কায় ৯০ রানের ঝড় তুলে সামিউন বাসীরের বলে আফিফের ক্যাচ দিয়ে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে ভোগেন হাবিবুর। আরেক ওপেনার সাব্বিরও সেঞ্চুরি বঞ্চিত হন ৮৮ রানে, যা ছিল ম্যাচে মেহেদী হাসানের সপ্তম শিকার। সাব্বিরের সঙ্গে ১১৩ রান যোগ করা ২১ বছর বয়সী নাঈম আহমেদ করেন ৬৯। দিন শেষে অধিনায়ক প্রিতম কুমার ২৭ ও সাব্বির রহমান ২১ রানে অপরাজিত।

কক্সবাজারে ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় পড়েছে বরিশাল। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৪৯ রান তোলা দলটি এখনো পিছিয়ে ১৪৫ রানে। অধিনায়ক ইফতেখার হোসেন করেন ৭৪। এর আগে ৪ উইকেটে ৪৭৯ রান নিয়ে দিন শুরু করা চট্টগ্রাম অলআউট হয় ৫৭৬ রানে। সাদিকুর রহমান (১৪৯) ও শাহাদাত হোসেনের (১০৯) পর আজ ১১২ রান করেন ইরফান শুক্কুর। প্রথম ম্যাচেও খুলনার কাছে ইনিংস ব্যবধানে হেরেছিল বরিশাল।

সিলেট একাডেমি মাঠে ১২৭ রানের লিড পাওয়া রংপুর দিন শেষ করেছে ৩২২ রানে এগিয়ে থেকে। ৬ উইকেটে ১৮৩ রান নিয়ে দিন শুরু করে ময়মনসিংহ তোলে ২৯৫ রান। খালিদ ৭২ ও আবু হায়দার করেন ৫২। দ্বিতীয় ইনিংসে অধিনায়ক আকবর আলীর ৭৪ রানে ভর করে ৬ উইকেটে ১৯৫ রান নিয়ে দিন শেষ করে রংপুর।