জাপানে নারী এশিয়ান গেম চলার সময় কোচ সারোয়ার ইমরানের মন্তব্য নিয়ে চলছে সমালোচনা। নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে জাপানে সাংবাদিকদের কোচ যা বলেছিলেন, সেটা পুরোপুরি মিথ্যাচার বলে দাবি করেছেন নারী বিভাগের প্রধান রফিকুল ইসলাম বাবু।
এশিয়ান গেমস ক্রিকেট শেষে আজ দেশে ফিরেছে নারী ক্রিকেট দল। জাপানে টুর্নামেন্ট চলার সময় জ্যোতিকে সাইজ করাসহ নানা মন্তব্য করেছিলেন প্রধান কোচ ইমরান। পাকিস্তানের কাছে ৩১ রানে হেরে ব্রোঞ্জ পদক হাতছাড়া করার পর কোচের এমন বক্তব্য নিয়ে আজ জিজ্ঞেস করেন সংবাদমাধ্যমকর্মীরা। নারী উইংয়ের প্রধান আজ সাংবাদিকদের বলেন, ‘কোচ কিছু বেফাঁস কথা বলেছেন। আমার মতে আচরণবিধির বাইরে গিয়ে এসব বলেছেন। মিথ্যাচার করেছেন। এটা খুবই দুঃখজনক। অক্টোবর পর্যন্ত বিসিবির সঙ্গে তাঁর চুক্তি আছে। এরকম কথা তিনি বলতে পারেন না।’
১৭ সেপ্টেম্বর চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটাই ছিল এবারের নারী এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম ম্যাচ। যদিও সেটা বৃষ্টিতে ভেস্তে গেছে। সেই ম্যাচ শুরুর কদিন আগে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন জ্যোতি। আজ দেশে ফেরার পর তাঁর নেতৃত্ব ছাড়ার প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বাবু বলেন, ‘‘আমরা যেটা বলেছি যে, তুমি টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়ার আগে আমাদের বোর্ড সভাপতি প্রেসিডেন্ট বলেছে, ‘অনন্ত তোমার চেয়ারম্যানের সঙ্গে এটা (নেতৃত্ব ছাড়া) পরামর্শ করতে পারতে।’ হয়তো সামাজিক মাধ্যমে বিভিন্ন মন্তব্যর কারণে হয়তো সে ত্যক্ত-বিরক্ত হয়ে নেতৃত্ব ছেড়েছে। কিন্তু নেতৃত্ব ছাড়ার আগে আমাদের সঙ্গে আলাপ করতে পারত যে কীভাবে এটা সমাধান করা যায়। সেই জিনিসটা সে করেনি। এটা খুবই দুঃখজনক।’’
জ্যোতির নেতৃত্ব ছাড়ার ব্যাপারে বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কি কোনো কথাবার্তা হয়েছে—আজ সংবাদমাধ্যমকর্মীরা জিজ্ঞেস করেছেন বাবুর কাছে। বিসিবি পরিচালক বলেন, ‘এশিয়ান গেমস থেকে আসার পরে এই প্রথম আজকে আমরা কথা করলাম সবাই। আমাদের যে জিনিসটা এখন মূলত দরকার সেটা হলো, দলের মধ্যে শৃঙ্খলা ধরে রাখা। এগুলো যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আমাদের আরো ভালো হবে ইনশা আল্লাহ।’
জ্যোতির পরিবর্তে নতুন টি-টোয়েন্টি অধিনায়ক কে হবেন, সে ব্যাপারে কিছু জানাননি বাবু। বিসিবি পরিচালক সংবাদমাধ্যমকে বলেন, ‘এখনো এ ব্যাপারে সিদ্ধান্ত নিইনি। কারণ, আগামী নভেম্বর মাসে আমাদের ইমার্জিং নেশনস কাপ একটা টুর্নামেন্ট আছে। সেখানে জাতীয় দল খেলতে যাবে থাইল্যান্ডে। সেখানে যাওয়ার আগে আমরা একটু সময় নিয়েছি।’
জ্যোতির নেতৃত্বেই বাংলাদেশ অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে যাবে বলে বাবু আজ সাংবাদিকদের জানিয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল পরশু ঘোষণা করা হবে। ৩ অক্টোবর দল উড়াল দেবে অস্ট্রেলিয়ায়। ৯, ১১ ও ১৪ অক্টোবর হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের তিন ওয়ানডে।