হোম > খেলা > ক্রিকেট

জাপানের উইকেট কে বানাচ্ছেন, জানেন সালাহ উদ্দীন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

এশিয়ান গেমস ক্রিকেট দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন। ছবি: ফাইল ছবি

১৬ বছর আগের কথা। মোহাম্মদ আশরাফুল, নাঈম ইসলাম, সাব্বির রহমানরা গুয়াংজুতে এশিয়ান গেমসে সোনা জিতে উচ্ছ্বাসে মেতেছিলেন। গুয়াংজুর পর এবার জাপানে সেই গৌরব পুনরুদ্ধারের লক্ষ্যে নামছে বাংলাদেশ। প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন আগেভাগেই জাপানের কন্ডিশন সম্পর্কে ধারণা পেয়ে গেছেন।

নিসশিনের কোরোগি স্পোর্টস পার্কে ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটের ম্যাচগুলো হবে। এই ভেন্যুতে নাজমুল হোসেন শান্ত-লিটন দাসদের কারও খেলার অভিজ্ঞতা নেই। আজ যখন সংবাদ সম্মেলনে জাপানের উইকেট বা কন্ডিশন সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তখন উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মজা করেছেন সালাহ উদ্দীন। এশিয়ান গেমস ক্রিকেটের প্রধান কোচ বলেন, ‘তেমন কোনো ধারণা নেই (জাপানের উইকেট-কন্ডিশন)। তবে জানি যে কে বানিয়েছেন।’

একজন জিজ্ঞেস করলেন চন্ডিকা হাথুরুসিংহে এশিয়ান গেমসের উইকেট বানাচ্ছেন। যে হাথুরু এক সময় বাংলাদেশের কোচ ছিলেন। সালাহ উদ্দীন ভুল শুধরে দিয়ে বললেন, ‘হাথুরুসিংহে না, গামিনী।’ এই গামিনী ডি সিলভা দীর্ঘ এক সময় মিরপুর শেরেবাংলার কিউরেটরের দায়িত্বে ছিলেন। পরিচিত এই কিউরেটর যখন জাপানের কিউরেটর, তখন তো শান্তরা বাড়তি সুবিধাই পাচ্ছেন—সালাহ উদ্দীনের কাছে এসেছে এই প্রশ্ন। এশিয়ান গেমস দলের প্রধান কোচ উত্তর দিলেন কৌশলে, ‘এইভাবে তো আসলে বলা যাবে না। কারণ, একেক দেশের আবহাওয়া একেক রকম। সেখানের আবহাওয়ার ওপর নির্ভর করবে যে আসলে উইকেটটা কেমন হবে।’

মিরপুরের ধানখেতের উইকেট নিয়ে সমালোচনা তো কম হয়নি। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডকে স্পিনবান্ধব উইকেটে হারানোর পর বিশ্বমঞ্চে বাংলাদেশের হাবুডুবু খাওয়ার ঘটনা নতুন কিছু নয়। তবে এখানে গামিনীকে দোষ দিতে নারাজ সালাহ উদ্দীন। আজ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গামিনীকে আসলে দোষ দিয়ে তো লাভ নেই। আমরা আসলে নিজেরাই বানাতে বলতাম এই ধরনের উইকেট, যেন উইকেট সেরকমই হয়। যে দেশের আবহাওয়া বলেন, মাটি বলেন, সেটার ওপর নির্ভর করবে আসলে উইকেটটা কেমন হবে।’

২০১৯ থেকে ২০২৫ পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শান্ত খেলেছেন ৫০ ম্যাচ। ২২.৯৫ গড় ও ১০৯.০৬ স্ট্রাইকরেটে করেছেন ৯৮৭ রান। তবে বর্তমান টি-টোয়েন্টির সঙ্গে স্ট্রাইকরেট মানানসই নয় বলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৬ মাস ধরে ব্রাত্য তিনি। সবশেষ বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে খেলেছেন শারজায় গত বছরের মে মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। এই শান্তর নেতৃত্বেই ২০২৬ বিপিএলে জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স। ১ সেঞ্চুরি ও ১ ফিফটিতে করেছেন ৩৫৫ রান। ব্যাটিং করেছেন ১৩৫.৪৯ স্ট্রাইকরেটে।

সালাহ উদ্দীনের মতে শান্ত এশিয়ান গেমস ক্রিকেট দলের সেরা ১৫ ক্রিকেটারের একজন। এশিয়ান গেমস ক্রিকেটের প্রধান কোচ বলেন, ‘দেখুন, বাংলাদেশের সেরা ১৫ ক্রিকেটারই খেলবে। এখন কে এল আর কে গেল সেটা আসলে দেখার বিষয় না। বিষয় হচ্ছে যে আমাদের সেরা ১৫ ক্রিকেটার আমাকে দেওয়া হয়েছে কি না। যেহেতু নির্বাচকেরা মনে করেছেন, সবাই মিলেই মনে করেছেন যে শান্ত সেরা ১৫ ক্রিকেটারেরই একজন, সেভাবেই তাকে নেওয়া হয়েছে।শান্তর ব্যাপারে আমি বলব যে টি-টোয়েন্টিতে সে নতুন ক্রিকেটার না। সে সবশেষ যখন টি-টোয়েন্টি যখন খেলেছে, সেটাও খারাপ খেলেনি।’