হোম > খেলা > ক্রিকেট

তৃতীয় দিনেই হারের শঙ্কায় বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    

দ্বিতীয় ইনিংসে লাঞ্চের আগেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। ছবি: ক্রিকইনফো

বাংলাদেশ ব্যাটিংয়ের সময় বোলিং পিচ আর প্রতিপক্ষের ইনিংসের সময় তা ব্যাটিং পিচ—সামাজিক মাধ্যমে এমন একটা কথা শোনা যায় হরহামেশাই। সেঞ্চুরিয়নে চলমান দ্বিতীয় টেস্ট যেন সেটারই প্রতিচ্ছবি। প্রতিপক্ষ ৫০০ ছুঁইছুঁই রান করলেও বাংলাদেশ গুটিয়ে গেছে ১০০-এর আগেই। ম্যাচের যা অবস্থা, তাতে তৃতীয় দিনে বাংলাদেশ হারলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

গতকাল দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৭ উইকটে ৪৯৪ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা এরপর আর এক বলও খেলেনি। ৪০৩ রানে এগিয়ে থেকে সেখানেই ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ৩১ ওভারে ৩ উইকেটে ১০৯ রানে তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষ করেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ১২ রানে ব্যাটিং করছেন। তাওহীদ হৃদয় ২৩ রানে অপরাজিত।

দক্ষিণ আফ্রিকার ইনিংসে সর্বোচ্চ ১৫০ রান করেন মার্কোস অ্যাকারমান। এটা তাঁর দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। সেঞ্চুরি করেছেন ভিয়ান মুলডারও (১০০)। টেস্টে এটা তাঁর পঞ্চম সেঞ্চুরি। ছয়বার পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলে পাঁচবারই তিন অঙ্ক ছুঁয়েছেন। আর আজ তৃতীয় দিনে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে দিল তারা। দুই ওপেনার তানজিদ হাসান তামিম-মাহফিজুল ইসলাম রবিনের পঞ্চাশোর্ধ্ব রানের জুটি দেখে মনে হতেই পারে, কী দুর্দান্ত তাঁরা খেলেছেন। বাস্তবে ব্যাপারটা ছিল ভিন্ন। বেশ কয়েকবার আউট হতে হতে তাঁরা বেঁচে গিয়েছেন। ব্যাটের কানায় লেগে অনেকবার চার হয়েছে।

এমনকি রবিন-তামিমের জুটি ভাঙতে পারত ৩৫ রানে। নবম ওভারের চতুর্থ বলে কাগিসো রাবাদার হঠাৎ লাফিয়ে ওঠা বল কাট করতে যান রবিন। তবে এজ হওয়া বল দ্বিতীয় স্লিপে চলে গেলেও দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করাম সেটা মিস করেছেন। রবিনের রান তখন ২১।

তামিম-রবিনের উদ্বোধনী জুটিতে এসেছে ৮৭ বলে ৫৮ রান। ১৫তম ওভারের তৃতীয় বলে মুলডারের হঠাৎ লাফিয়ে ওঠা বল কাট করতে যান তামিম। উইকেটরক্ষক রায়ান রিকেলটন সহজেই সেটা তালুবন্দী করেছেন। ৪৮ বলে ৪ চারে ২৯ রান করেন তামিম। একই ৫৮ রানেই বাংলাদেশ হারায় দ্বিতীয় উইকেট। ১৭তম ওভারের দ্বিতীয় বলে মুমিনুল গ্ল্যান্স করতে গিয়ে ক্যাচ তুলে দেন রিকেলটনের হাতে। ৫ বল খেলেও বাংলাদেশের অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার কোনো রান করতে পারেননি।

ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটি রবিনের কাছে পাওয়া যখন সময়ের ব্যাপার, তখনই খায় ধাক্কা। ২২তম ওভারের পঞ্চম বল ছেড়ে দিলে মার্কো ইয়ানসেন এলবিডব্লিউর আবেদন করেন। আম্পায়ার আহসান রাজা সরাসরি আঙুল তুলে দেন। রবিন রিভিউ করলে দেখা যায় যে সেটা আম্পায়ার্স কল। রবিন ৬২ বলে করেন ৩৮ রান। হৃদয় পাঁচ নম্বরে ওয়ানডে মেজাজে খেলতে থাকেন। ১৮ বলে ৫ চারে ২৩ রান করে ফেলেছেন। যাঁর মধ্যে ২৩তম ওভারে ইয়ানসেনকে তিনটা চার মারেন হৃদয়।

শান্ত অবশ্য রয়ে সয়ে খেলছেন। ৫৩ বলে ১ চারেন ১২ রান। এরই মধ্যে চতুর্থ উইকেটে ৩১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছেন শান্ত-হৃদয়।