দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারতের শুরুটা হয়েছে দারুণ। প্রথম ম্যাচে সফরকারীদের ১৭ রানে হারায় লোকেশ রাহুলের দল। ভারতের জয়ের দিনে নজরকাড়া বোলিং করেছেন হার্শিত রানা। কিন্তু আগ্রাসী উদযাপনের কারণে শান্তির খড়গে পড়তে হলো এই পেসারকে।
রাঁচিতে সেদিন আগে ব্যাট করে ৩৪৯ রান তোলে ভারত। জবাবে ৩৩২ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। অতিথিদের ইনিংসের ২২ তম ওভারের কথা। রানার করা সে ওভারের চতুর্থ বলে রুতুরাজ গায়কোয়াড়ের হাতে ধরা পড়েন ৩৭ রানে ব্যাট করতে থাকা দেওয়াল্ড ব্রেভিস।
আউটের পর তাঁকে আগ্রাসী ভঙ্গিতে ড্রেসিংরুমের পথ দেখান রানা। তাতে আইসিসি কোড অব কন্ডাক্টের ২.৫ ধারা লঙ্ঘন করেছেন এই বোলার। এই ধারায় বলা আছে, আন্তর্জাতিক ম্যাচে এমন ভাষা, আচরণ বা ইশারা নিধিদ্ধ যা ব্যাটারকে হেয় করতে পারে বা আগ্রাসী প্রতিক্রিয়া উসকে দিতে পারে।
নিয়ম ভঙ্গ করায় রানাকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। সেই সঙ্গে তাঁকে সতর্ক করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। নিজের দোষ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন রানা। তাই আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। ২ বছরে প্রথম এমন শাস্তি পেলেন এই পেসার।
সিরিজের প্রথম ওয়ানডেতে ৩৫০ রানের লক্ষ্য তাড়া করতে নামা দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনে প্রথম আঘাত হানেন রানা। দ্বিতীয় ওভারে বোল্ড করেন ওপেনার রায়ান রিকেলটনকে। তাঁর করা একই ওভারে রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কুইন্টন ডি কক। এই দুই ব্যাটারের কেউই রানের খাতা খুলতে পারেননি।