লিটন কুমার দাসের অপেক্ষা আরও দীর্ঘ হলো। চোট কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিলেও জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দল থেকে বাদ পড়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। তাঁর পরিবর্তে টেস্ট দলে সুযোগ পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি জানিয়েছে, বাঁ পায়ের কাফে চোটের কারণে এখনো পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই আছেন লিটন। একই কারণে তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি।
বিসিবির মেডিকেল টিমের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ২৮ জুন হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠেয় টেস্টের আগে খেলার মতো ফিট হয়ে ওঠতে পারবেন না লিটন। তাই তাঁকে ছাড়াই জিম্বাবুয়ে সফরের পরিকল্পনা সাজাতে হয়েছে টিম ম্যানেজমেন্টকে।
২০২৪ সালের অক্টোবরে চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক হয় লিটনের অনুপস্থিতিতে দলে জায়গা পাওয়া অঙ্কন। সেটাই তাঁর একমাত্র টেস্ট। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে আবারও এই উইকেটরক্ষক ব্যাটারকে লাল বলের ক্রিকেটে ফেরালেন নির্বাচকেরা।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের জন্য বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), শাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, অমিত হাসান, মাহিদুল ইসলাম ভূঁইয়া, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, রবিউল হক।