হোম > খেলা > ক্রিকেট

সালাহ উদ্দীন-রাজ্জাকসহ নতুন টুর্নামেন্টের ছয় কোচের নাম জানাল বিসিবি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আব্দুর রাজ্জাক, মোহাম্মদ সালাহ উদ্দীনসহ ছয় কোচ বেছে নিল বিসিবি। ছবি: সংগৃহীত

ডি থ্রি টুর্নামেন্ট নামে নতুন টুর্নামেন্টের ছয় কোচ বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোহাম্মদ সালাহ উদ্দীন, আব্দুর রাজ্জাকের মতো তারকারাও আছেন এই তালিকায়। কোচ নির্বাচনের মতো সহকারী কোচ, ফিজিওথেরাপিস্টও ড্রাফটের মাধ্যমে ঠিক করল বিসিবি।

ড্রাফটের মাধ্যমে আজ ছয় দলের প্রধান কোচ, সহকারী কোচ ও ফিজিওথেরাপিস্টের নাম জানাল বিসিবি। মোহাম্মদ সালাহ উদ্দীনকে প্রধান কোচ হিসেবে বেছে নিয়েছে ফরচুন। সেভেন রিংস সিমেন্টের প্রধান কোচের দায়িত্বে থাকছেন তালহা জুবায়ের। রাজ্জাককে প্রধান কোচ নির্বাচন করেছে ওয়ালটন।

এইস ব্লুস্টারের প্রধান কোচের দায়িত্বে আছেন সোহেল ইসলাম। একমি ও সিটিজেন্স ব্যাংকের প্রধান কোচ রাজিন সালেহ ও মিজানুর রহমান বাবুল। এইসে সোহেলের সহকারীর দায়িত্বে থাকছেন সালাহউদ্দিন আহমেদ উজ্জ্বল ও আশিকুর রহমান মজুমদার। সহকারী কোচ হিসেবে তারেক আজিজ খান ও ফয়সাল হোসেন ডিকেন্সকে বেছে নিয়েছে একমি।

সিটিজেন্স ব্যাংকে বাবুলের সহকারী হিসেবে কাজ করবেন নাজমুল হোসেন ও মোহাম্মদ সেলিম। আর তুষার ইমরান ও ডলার মাহমুদ ওয়ালটনের সহকারী কোচ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক নির্বাচক হান্নান সরকার সেভেন রিংস সিমেন্টের সহকারী কোচ। তিনি ও হুমায়ুন কবীর শাহীন এই ফ্র্যাঞ্চাইজির সহকারী কোচের দায়িত্বে থাকছেন।

বিসিবি গত পরশু ‘ডি থি টুর্নামেন্টে’র ছয় আইকন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে। মেহেদী হাসান মিরাজকে আইকন ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছে ওয়ালটন। মুশফিকুর রহিম হলেন সেভেন রিংস সিমেন্টের আইকন ক্রিকেটার। আরেক অভিজ্ঞ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়েছে একমি। সিটিজেনসের নাঈম শেখ, ফরচুনের তাওহীদ হৃদয় ও ব্লু স্টারের আইকন হলেন নুরুল হাসান সোহান।

ডিসেম্বরে ‘ডি থ্রি টুর্নামেন্টের’ টি-টোয়েন্টি টুর্নামেন্ট হবে। জানুয়ারিতে প্রথম শ্রেণির ক্রিকেট, মে মাসে ৫০ ওভারের ক্রিকেট খেলবে দলগুলো। প্রতি ঘরোয়া মৌসুমে তিন সংস্করণে মোট ৪২ ম্যাচ খেলবে দলগুলো। টি-টোয়েন্টি শুরুর সম্ভাব্য সময় আগামী ১৫ ডিসেম্বর। খেলা হবে বরিশাল ও ঢাকায়। ২৬ অক্টোবর হবে প্লেয়ার্স ড্রাফট।