টেস্ট ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় ম্যাচ। সেটাও শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাঠে। তানজিদ তামিম অস্ট্রেলিয়ার মাঠে প্রথম সুযোগ পেয়েই করলেন বাজিমাত। দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন ২৫ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। জয়ের পর যখন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বললেন, যেন নিজের চোখকেই তানজিদ বিশ্বাস করতে পারছিলেন না।
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে নেমে ৯ উইকেটের দাপুটে জয় পেল বাংলাদেশ। জয়ের পরপরই ভিডিও কলে নাজমুল হোসেন শান্ত-তানজিদদের ফোন দিয়েছেন তারেক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সেই মুহূর্ত নিয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে। ক্যাপশনে লিখেছে, ‘যখন প্রধানমন্ত্রীর কাছ থেকে আপনি ফোন পান। ওহ, কী দারুণ জয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন দিয়েছেন।’ প্রধানমন্ত্রীকে ভিডিও কলে দেখে তানজিদ তামিম বলেছেন, ‘আসসালামু আলাইকুম।’
বাংলাদেশের ঐতিহাসিক ৯ উইকেটের জয়ের পর ভিডিও কলে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তামিম-প্রধানমন্ত্রীর একটি কথোপকথন বেশ আলোচনায় এসেছে।তানজিদের সঙ্গে কথা বলার সময় তামিম তাঁকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, ‘ও তানজিদ হাসান, বগুড়ার ছেলে, সেঞ্চুরি করেছে।’
তানজিদ ও প্রধানমন্ত্রী—দুজনের বাড়িই বগুড়া। তামিমের কথার পরপরই প্রধানমন্ত্রী বলেন, ‘বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে। সে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে, বগুড়াকে না।’ ডারউইনে সেঞ্চুরি করে হানিফ মোহাম্মদের ৬২ বছর আগের স্মৃতি মনে করালেন তামিম। ১৯৬৪ সালে অস্ট্রেলিয়ায় প্রথম ইনিংসেই তিন অঙ্ক ছুঁয়েছিলেন হানিফ। এমনকি ২০০৬ সালে শাহরিয়ার নাফিসের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে দ্বিতীয় সেঞ্চুরিয়ান বনে গেলেন তামিম।
৯ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন হাসান মাহমুদ। ১১১ রানে নিয়েছেন ৯ উইকেট। এমনকি প্রথম ইনিংসে ৮ নম্বরে নেমে ৯২ বলে ১৪ রানের যে ইনিংস খেলেছেন, সেটা অনেক প্রশংসিত হয়েছে। মেহেদী হাসান মিরাজের সঙ্গে হাসানের সপ্তম উইকেটের ১৭০ বলে ৪৬ রানের জুটি ৪২৬ করতে অনেক বেশি অবদান রেখেছে। মিরাজ দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। প্রথম ইনিংসে ৬৫ রান করার পথে তাসকিন আহমেদের সঙ্গে গড়েন ৪৬ রানের আরেকটি জুটি।