হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচ খেলেই বাদ অস্ট্রেলিয়ার ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়লেন জেক ওয়েদারাল্ড। ছবি: এএফপি

প্রথম ইনিংসে ২৩, পরের ইনিংসে ০—বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ডারউইন টেস্টে এমন বিবর্ণ ছিলেন জেক ওয়েদারাল্ড। দুইবারই তিনি আউট হয়েছেন হাসান মাহমুদের বলে। এবার বাদ পড়লেন দল থেকেই।

বাংলাদেশের বিপক্ষে ধবলধোলাই এড়াতে আজ দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ওয়েদারাল্ডের পরিবর্তে সুযোগ পেয়েছেন ম্যাট রেনশ। সবশেষ টেস্ট রেনশ খেলেছেন দিল্লিতে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে।

অস্ট্রেলিয়ার জার্সিতে ২০১৬ সালে অভিষেক হলেও সর্বসাকল্যে রেনশ খেলেছেন ৩২ ম্যাচ। দীর্ঘ এক দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন নয়টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। সাদা পোশাকের জার্সিতে নেমেছেন ১৪ ম্যাচে। সবশেষ জুনে বাংলাদেশ সফরে ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন তিনি। সেবার ওয়ানডে সিরিজে তাঁর ঘূর্ণিজাদুতে নিয়েছেন ৫ উইকেট।

২০২৪ সালে ডেভিড ওয়ার্নার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর টেস্টে সাত ওপেনার পেয়েছে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড অ্যাশেজে সফলতার পর ওপেনার হিসেবে খেলেছেন। ২০২৫-২৬ অ্যাশেজে ৬২.৯০ গড় ও ৮৭.৩৬ স্ট্রাইকরেটে সর্বোচ্চ ৬২৯ রান করেছেন। তিন ফিফটির তিনটিতেই সেঞ্চুরিতে পরিণত করেছেন তিনি। পার্থে উসমান খাজা চোট পাওয়ার পর তাঁকে দলে ওপরে তুলে আনা হয়েছিল। এদিকে স্টিভেন স্মিথ, নাথান ম্যাকসুইনি, স্যাম কনস্টাস, মার্নাস লাবুশেন এবং পরবর্তীতে ওয়েদারাল্ডও খেলেছেন এই পজিশনে।

ওয়ার্নারের দীর্ঘদিনের বন্ধু ও ওপেনিংয়ের আরেক সঙ্গী খাজা এ বছরের জানুয়ারিতে সিডনি টেস্ট শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন। ওপেনিং পজিশনের জায়গাটা হেডের একরকম নিশ্চিত হয়ে গেছে। তাঁর সঙ্গে রেনশ যে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ওপেনিং করবেন, সেটা বলে দেওয়াই যায়।

ওয়েদারাল্ড যে খুব ছন্দে ছিলেন, তা নয়। আন্তর্জাতিক ক্রিকেটে কেবল টেস্টই খেলছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ডারউইন টেস্ট ছিল তাঁর অস্ট্রেলিয়ার জার্সিতে ষষ্ঠ ম্যাচ। ২০.৩৬ গড়ে করেছেন ২২৪ রান। ফিফটি কেবল একটি। দুইবার শূন্য রানে আউট হয়েছেন। যার সবশেষটি তাঁর ঘরের মাঠ ডারউইনে বাংলাদেশের বিপক্ষে।

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের দলে পরিবর্তন কেবল একটিই। এই এক পরিবর্তন মারনাস লাবুশেনের জন্য ‘শিক্ষা’ও বলা চলে। তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সমালোচনা হচ্ছে। সদ্য সমাপ্ত ডারউইন টেস্টে ১ ও ৩১ রানে আউট হয়েছেন তিনি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে সবশেষ সেঞ্চুরি করেছেন ২০২৩ সালে ম্যানচেস্টারে অ্যাশেজে।

ডারউইন টেস্টে ব্যাটিং ব্যর্থতায় উজ্জ্বল কেবল স্মিথ ও ক্যামেরন গ্রিন। স্মিথ করেছেন ৭১ ও ৪৪ রান। গ্রিন প্রথম ইনিংসে ১৩ রান করলেও দ্বিতীয় ইনিংসে করেছেন ১০৪ রান। টেস্টে এটা তাঁর তৃতীয় সেঞ্চুরি।

অস্ট্রেলিয়াকে হারালেও ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ চারে। শান্তর দলের সফলতার হার ৬৬.৬৭ শতাংশ। অস্ট্রেলিয়ারও অবস্থানের পরিবর্তন হয়নি। ৭৭.৭৮ শতাংশ সফলতার হার নিয়ে শীর্ষে অজিরা। ম্যাকেতে ২২ আগস্ট শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট।

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের দল

ট্র্যাভিস হেড,ম্যাট রেনশ, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বিউ ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজলউড, জশ ইংলিস, স্কট বোল্যান্ড