সামাজিক মাধ্যমে পাকিস্তানি উইকেটরক্ষক খাজা নাফের একটা ঘটনা যেন গত কয়েক দিন ধরে ট্রেন্ডিং হয়ে গিয়েছে। ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, তিনি (নাফে) অস্ট্রেলিয়ার ব্যাটার কুপার কনোলিকে স্টাম্পিং করেছেন, সেটা ছিল অবৈধ। এটা নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন ক্রিকেটের আইনপ্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) এ ব্যাপারে নিয়ম পরিবর্তনের সুপারিশ করেছে।
কদিন পরপর যে ক্রিকেটে নিয়ম বদলায়, সেই খেলার কয়েকটি নিয়মে পরিবর্তন আনতে এমসিসি সুপারিশ করেছে বলে ক্রিকবাজের আজ এক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। যার মধ্যে অন্যতম হচ্ছে স্টাম্পিং ও রান আউটের ক্ষেত্রে নিয়ম পরিবর্তন। প্রায়ই যখন এ ধরনের আউটের ক্ষেত্রে বিতর্ক তৈরি হয়, সে ক্ষেত্রে এমসিসির প্রস্তাবিত নিয়মে সুপারিশ করা হয়েছে, বল কেবল হাত দিয়েই স্পর্শ করলে চলবে না। স্টাম্প ভাঙার সময় বল পুরোপুরি হাতের নিয়ন্ত্রণে রাখতে হবে। বেল ফেলে দেওয়ার সময় কেবল হাত বা গ্লাভস দিয়ে বল লাগিয়ে দিলেই চলবে না।
খাজা নাফির ঘটনাটা আসলে কী
লাহোরে পরশু সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে পাকিস্তান-অস্ট্রেলিয়া। ১৪তম ওভারের পঞ্চম বলে মোহাম্মদ নাওয়াজকে এগিয়ে খেলতে যান কনোলি। তবে ব্যাটে-বলে সংযোগ করতে পারেননি কনোলি। মুহূর্তেই নাফি দ্রুত বেল ফেলে দিয়ে আম্পায়ার কনোলিকে আউট ঘোষণা করেন। কিন্তু নাফি বাঁ হাত দিয়ে স্টাম্প ভেঙেছেন। অথচ বল ছিল তাঁর ডান হাতে। এই ম্যাচে পাকিস্তানের দেওয়া ২০৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে অজিরা গুটিয়ে যায় ৯৬ রানে। ১১১ রানে তৃতীয় টি-টোয়েন্টি জিতে তিন ম্যাচের সিরিজে পাকিস্তান ধবলধোলাই করেছে অস্ট্রেলিয়াকে।
স্টাম্পিং, রানআউটের পাশাপাশি আরও কিছু নিয়ম পরিবর্তনের সুপারিশ করেছে এমসিসি। চলুন জেনে নেওয়া যাক সেগুলো কী কী
উইকেট পড়ার পরও ওভার শেষ করতে হবে
চারদিনের প্রথম শ্রেণির ক্রিকেট বা টেস্টে বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, কোনো ব্যাটার আউট হলে সেখানেই দিনের খেলা শেষ ঘোষণা করা হয়। সুপারিশ করা নতুন নিয়ম অনুযায়ী, উইকেট পড়ার পরও ওভারের বাকি বলগুলো শেষ করতে হবে। নতুন ব্যাটার যেন ওভারের বাকি অংশ ঠিকভাবে খেলতে পারেন, সে জন্য এই সংশোধনী।
উইকেটরক্ষকের সুনির্দিষ্ট অবস্থান
বোলার বল ছাড়ার পরেই উইকেটরক্ষককে পুরোপুরি স্টাম্পের পেছনেই থাকতে হবে। বোলারের রান আপের সময় কী হলো, সেটা এখানে বিবেচ্য বিষয় নয়।
হিট উইকেটের নিয়ম
কোনো ব্যাটার ভারসাম্য ফিরে না আসা পর্যন্ত যখন বল মোকাবিলার কাজে ব্যস্ত থাকেন, তখন এমনো হয় যে ব্যাটাররা নিজেদের বাঁচাতে গেলে ফিল্ডারের সঙ্গে ধাক্কা লেগে উইকেট ভেঙে যায়। ওভারথ্রোয়ের ক্ষেত্রে বলা হয়েছে, মিসফিল্ডিংয়ের ফলে ব্যাটাররা যখন রান নিতে যান, তখন রান-আউট বা বাড়তি রান আটকাতে স্টাম্পের দিকে থ্রো করেন। সেখান থেকে রান করা যাবে।
ক্রিকেটারদের ব্যাট
বয়সভিত্তিক ক্রিকেটে ছেলে-মেয়ে সব ক্রিকেটাররাই ‘ডি’ টাইপের ল্যামিনেটেড ব্যাট ব্যবহার করতে পারবেন।
ক্রিকেটের কয়েকটি আইন পরিবর্তনের যে সুপারিশ করা হয়েছে, তা এ বছরের অক্টোবর থেকে কার্যকর হবে বলে ক্রিকবাজের প্রতিবেদনে গেছে। নতুন নিয়ম কার্যকর হওয়ার আগেই অনেক দ্বিপক্ষীয় সিরিজ সম্পূর্ণ হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, দরজায় কড়া নাড়ছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হতে যাওয়া আইসিসির এই ইভেন্ট চলবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত।