ভারত-জাপান টি-টোয়েন্টি শেষ হওয়ার তিন দিন পেরোলেও আলোচনা থামছেই না। ব্যাপারটা রুদ্ধশ্বাস ম্যাচ বলেই নয়। সেই ম্যাচে বিতর্কিত এক সিদ্ধান্ত জাপানের বিপক্ষে গেছে বলে সমালোচনা চলছে। আকাশ চোপড়ার মতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নিয়ম অনুযায়ী ভারত ভুল কিছু করেনি।
সানোতে গত বুধবার অক্ষর প্যাটেল যখন জাপানের বিপক্ষে ইনিংসের পঞ্চম ওভারের তৃতীয় বল করেছেন, সেটাকে প্রথমে ওয়াইড দেন জাপানি আম্পায়ার ক্রিস থারগেট। তখন অধিনায়ক শ্রেয়াস আইয়ার, প্যাটেলসহ অন্যান্য ভারতীয় ক্রিকেটাররা হতাশা প্রকাশ করেন। মুহূর্তেই সিদ্ধান্ত বদলে যায়। আকাশ গতকাল নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এই ঘটনা নিয়ে বলেন, ‘অনেকে বলছেন জাপানের সঙ্গে চুরি করে ভারত জিতেছে। এমনটা বলার কারণ একটি ওয়াইডের সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছিল এবং ভারতের চাপের কারণে সিদ্ধান্তটি বদলে দেওয়া হয়েছে।’
জাপানের উইকেটরক্ষক ব্যাটার শিরাই প্যাটমোর সুইচ হিট করতে যান পঞ্চম ওভারের তৃতীয় বলে। কিন্তু জাপানি আম্পায়ার থারগেটকে সিদ্ধান্ত বদলাতে বলেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ আম্পায়ার ক্রিস ব্রাউন। এই ওয়াইড জাপানের পক্ষে গেল হয়তো তারা অঘটন ঘটাতে পারত। কিন্তু শেষ পর্যন্ত ভারত ৫ ওভারে নেমে আসা ম্যাচ জেতে ২ রানে।
ভারত-জাপান টি-টোয়েন্টির আলোচিত ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে আকাশ আইসিসির নিয়মের কথা উল্লেখ করেছেন। ভারতীয় ক্রিকেট বিশ্লেষক বলেন, ‘আমি নিয়মগুলো দেখেছি এবং আম্পায়ারদের কথাও শুনেছি। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী সুইচ হিট ও রিভার্স সুইপের মধ্যে কোনো পার্থক্য নেই। অর্থাৎ, প্রথম বিষয় হলো, আইন অনুযায়ী দুটি শটই একইভাবে দেখা হয়। দ্বিতীয়ত বলটি বোলারের হাতে থাকা অবস্থায় নাকি বোলারের হাত থেকে ছেড়ে দেওয়ার পর ব্যাটার তার অবস্থান পরিবর্তন করেছে—এটা গুরুত্বপূর্ণ নয়। মানুষ অকারণে ঝামেলা করছে।’
এমনকি আকাশেরও আম্পায়ারের ওয়াইডের সিদ্ধান্ত বদল নিয়ে প্রথমে ধন্দে পড়ে গিয়েছিলেন। ভারতীয় ক্রিকেট বিশ্লেষক নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে বলেন, ‘সেই সময় আমার নিজের বোঝাপড়াও আসলে ভুল ছিল। আমি মনে করেছিলাম ব্যাটার যখন সুইচ হিট খেলে তখন দুই পাশের ওয়াইড লাইন বোলারের পক্ষে বিবেচনা করা হয়। কিন্তু রিভার্স সুইপের ক্ষেত্রে তা নয়।দ্বিতীয় জটিলতা ছিল—বল ডেলিভারির মুহূর্তে অর্থাৎ বোলার বল ছাড়ার ঠিক সময়ে ব্যাটার তার অবস্থান পরিবর্তন করেছিল কি না। আমার প্রাথমিক ধারণা ছিল বল করার আগে যদি ব্যাটার তার অবস্থান পরিবর্তন না করে, তাহলে ওয়াইডের সিদ্ধান্ত বহাল থাকবে। কিন্তু আমার এই ধারণাটিও ভুল ছিল।’
ব্যাটারের অবস্থান বদলের সময় নয়, বরং ব্যাটার তাঁর স্টান্স বদলালেই সেটা তাঁর অবস্থান পরিবর্তন হিসেবে ধরা হবে। আকাশ নিজের ইউটিউব চ্যানেলে গতকাল বলেন, ‘ব্যাটার কখন তার অবস্থান পরিবর্তন করেছে, সেটিই বিবেচ্য নয়; অবস্থান পরিবর্তন করলেই তা ব্যাটারের অবস্থান পরিবর্তন হিসেবে গণ্য হবে। ফলে সুবিধাটি বোলারের দিকে যাবে। আইন অনুযায়ী আপনি একই সঙ্গে বাঁহাতি ও ডানহাতি ব্যাটার।’
বাংলাদেশ সময় বুধবার সকাল ১০টায় শুরু হওয়ার কথা ছিল জাপান-ভারত টি-টোয়েন্টি। কিন্তু বৃষ্টির বাগড়ায় দফায় দফায় মাঠ পর্যবেক্ষণ করা হয়। বেলা ১টা ৫ মিনিটে খেলা শুরু হলে ৫ ওভারে নিয়ে আসা হয়। ভারত আগে ব্যাটিং নিয়ে ৫ ওভারে ৪ উইকেটে করে ৩২ রান। সর্বোচ্চ ১৬ রান করা আইয়ার হয়েছেন ম্যাচসেরা। ১২ বলের ইনিংসে কেবল এক চার মারেন তিনি। জাপান ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রানে আটকে যায়। ভারতের বিপক্ষে জাপান ওয়াইড না পাওয়ায় উইজডেন ম্যাগাজিনের এক ক্রিকেট লেখক বেন গার্ডনার সেটাকে লজ্জাজনক বলে উল্লেখ করেছিলেন।
নিসশিনের কোরোগি স্পোর্টস পার্কে ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটের ম্যাচগুলো হবে। ‘এ’ গ্রুপে পড়েছে জাপান, আফগানিস্তান ও নেপাল। ‘বি’ গ্রুপে হংকং, ওমানের সঙ্গে রয়েছে মালয়েশিয়া। তবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এরই মধ্যে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে। ভারতের ম্যাচ ২৮ সেপ্টেম্বর। তবে প্রতিপক্ষ নির্ধারিত হবে ‘এ’, ‘বি’ গ্রুপের ম্যাচগুলো শেষে। আইয়ার-প্যাটেলদের জাপানের বিপক্ষে খেলা কেবল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যই।