মেহেদী হাসান মিরাজের এবারের ঈদ ঢাকাতেই করার পরিকল্পনা। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের তৃপ্তি নিয়ে ছুটিতে গেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। ১৫ মার্চ সিরিজের শেষ ম্যাচের রাতেই সৌদি আরবে পবিত্র ওমরাহ করত গেছেন মিরাজ। ফেরার কথা আজ। ২২ মার্চ মালয়েশিয়ায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা আছে মিরাজের। সেখান থেকে ফিরেই ব্যস্ত হয়ে পড়বেন দেশের মাঠে নিউজিল্যান্ড সিরিজ নিয়ে। উৎসবের এ সময়ে মিরাজের হালকা মেজাজের এ সাক্ষাৎকার কোনো ক্রিকেট নয়, থাকল শুধুই ঈদ উদ্যাপন প্রসঙ্গ।
প্রশ্ন: আপনার এবার ঈদের পরিকল্পনাটা শুনতে চাই।
মেহেদী হাসান মিরাজ: ঈদ এবার ঢাকায় করা হবে। খুলনায় যাচ্ছি না।
প্রশ্ন: আর সবার মতোই আপনারও নিশ্চয়ই ঈদের একই রুটিন?
মিরাজ: হ্যাঁ, সকালে নামাজ আদায় করি। নামাজ আদায় করে বাসায় পরিবারকে সময় দিই আর বাইরে থাকলে বন্ধুদের সঙ্গে আড্ডা দিই। এই তো!
প্রশ্ন: ঈদের আগে পরিবারের কেনাকাটায় আপনি কতটা সক্রিয় থাকেন?
মিরাজ: নিজের ব্যস্ততা থাকে। পরিবারের সবাইকে টাকা দিয়ে দিই। শপিং যে যার মতোই করে। আমার স্ত্রী মূলত কেনাকাটার দিকটা সামলায়।
প্রশ্ন: আপনি একেবারেই যান না কেনাকাটা করতে?
মিরাজ: অনেক সময় বাচ্চার জন্য যাই।
প্রশ্ন: ঈদে আপনার ‘ড্রেস কোড’ কী?
মিরাজ: পাঞ্জাবি অনেক ভালো লাগে।
প্রশ্ন: বিশেষ কোনো রঙের পাঞ্জাবি পছন্দ?
মিরাজ: সবচেয়ে ভালো লাগে সাদা ও কালো।
প্রশ্ন: ঈদ এলে ছেলে কি বিশেষ কিছু চায় আপনার কাছে?
মিরাজ: ওরকম কিছু চায় না, শুধু খেলনা কিনতে পছন্দ করে।
প্রশ্ন: সালামি তো দিতেই হয় সবাইকে। কিন্তু আপনি কি সালামি পান এখনো?
মিরাজ: নাহ। সালামি দিতে হয় প্রচুর। পরিবারের অনেকে আছে। বাচ্চারা আছে, ভাগনে আছে। ওদের দিই।
প্রশ্ন: ঈদে ঘোরাঘুরি কেমন হয়?
মিরাজ: ঢাকায় থাকলে গাড়ি নিয়ে বের হওয়া হয়। এবার পরিকল্পনা আছে দেশের বাইরে পরিবার নিয়ে যাওয়ার। মালয়েশিয়াতে যাব ইনশা আল্লাহ। ঈদের দুই দিন পরে যাব।
প্রশ্ন: আপনার প্রিয় জায়গা কোনটা?
মিরাজ: মদিনা। আল্লাহর রাসুল (সা.) যেখানে শুয়ে আছেন। যাঁরা সেখানে যেতে পারেন, তাঁরা অনেক সৌভাগ্যবান। নবীজি (সা.)-এর জন্মস্থান মক্কাতেও অনেক মানুষ যায়। তবে মদিনায় আলাদা একটা শান্তি আছে। সেখানে গেলেই এটা অনুভব করা যায়। যত মানুষের মুখে শুনেছি, সবাই বলেছে মদিনায় আলাদা একটা রহমত আছে। এবং আমি নিজেও যখন গিয়েছি, তখন অন্য রকম ভালো লাগা কাজ করেছে। মনে প্রশান্তি কাজ করেছে।
প্রশ্ন: ঈদে কোন ধরনের খাবার বেশি পছন্দ?
মিরাজ: মিষ্টিজাতীয় খাবার। আমার স্ত্রীই মূলত এখন রান্নার দিকটা দেখে।
প্রশ্ন: স্ত্রীর কোন রান্না বেশি ভালো লাগে?
মিরাজ: সব রান্না।
প্রশ্ন: স্পেশাল দু-একটা বলতে হবে।
মিরাজ: স্পেশাল বলতে গরুর মাংস দুর্দান্ত। রোস্ট-পোলাও দারুণ। আসেন একদিন আমার বাসায়, আপনাকে খাওয়াব (অট্টহাসি) !