হোম > খেলা > ক্রিকেট

‘লিটন-মিরাজ ঠিক করুক, কে হবে অধিনায়ক’

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

এবার লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলবেন মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গতবার লিটন দাসের খেলা নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তা ছিল। পরে অবশ্য তিনি তামিম ইকবালের গুলশান ক্রিকেট ক্লাবে যোগ দেন। আর মেহেদী হাসান মিরাজ খেলেছিলেন মোহামেডানের জার্সিতে। এবার ঠিকানা বদলে দুজনই নাম লিখিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জে। যদিও অধিনায়ক কে হবেন, সেটা এখনো ঠিক হয়নি। লিজেন্ডস অব রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদল অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে দিয়েছেন ক্রিকেটারদের কাঁধেই।

২০২৫-২৬ মৌসুমের ডিপিএলের দলবদলের দ্বিতীয় তথা শেষ দিন ছিল আজ। শেষ দিনে সব আলো যেন কেড়ে নিলেন লিটন-মিরাজ। দুজনেরই আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে। লিটন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক। মিরাজ নেতৃত্ব দিচ্ছেন ওয়ানডে দলকে। আজ দলবদলের শেষ দিনে সাংবাদিকদের বাদল বলেন, ‘আশা করি, লিটন ও মিরাজকে নিয়ে আমরা শিরোপার লড়াইয়ে থাকব। লিটন, মিরাজরা চলে গেলে জাতীয় দলের আরও যেসব ক্রিকেটার আছে, তাদের কেউ অধিনায়কত্ব করবে। তারা (লিটন ও মিরাজ) নিজেরাই ঠিক করে নেবে কে অধিনায়ক হবে।’ এই কথা বলেই মুচকি হাসি দিলেন লিজেন্ডস অব রূপগঞ্জের কর্ণধার।

জাতীয় দলে একসঙ্গে খেললেও ক্লাব ক্রিকেটে কখনোই একই দলে খেলেননি লিটন-মিরাজ। লিটন বলেন, ‘সত্যি বলতে ঢাকা লিগে মিরাজের সঙ্গে আগে কখনো খেলা হয়নি। জাতীয় দলে তো নিয়মিত খেলছি। তবে ক্লাবের হয়ে এই অভিজ্ঞতা প্রথম হবে।’

রূপগঞ্জের হয়ে প্রথমবারের মতো খেলবেন দেখে রোমাঞ্চ অনুভব করছেন মিরাজ। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক বলেন, ‘প্রথমবার লিজেন্ডস অব রূপগঞ্জে খেলছি। ঘরোয়া ক্রিকেটে বাদল ভাইয়ের অবদান অনেক। দল বেশ ভারসাম্যপূর্ণ হয়েছে এবং আমাদের মূল লক্ষ্যই থাকবে চ্যাম্পিয়ন হওয়া।’

৯ উইকেট নিয়ে কাউন্টিতে হাসানের ‘বিশ্বমানের’ পারফরম্যান্স

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের