২০১৮ সালে কেপটাউনের অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টেস্টের ‘স্যান্ডপেপাার গেট কেলেঙ্কারি’ নিয়ে ঝড় উঠেছিল ক্রিকেট বিশ্বে। সেই ঘটনার পর বদলে গেছে অনেক কিছুই। যাঁরা সে সময় ছিলেন, তাঁদের কেউ কেউ ক্রিকেট থেকেই অবসরে গেছেন। তবে যে ঘটনা নিয়ে এত তোলপাড়, তা নিয়ে আলোচনা এত সহজে থামার নয়। এবার এক চাঞ্চল্যকর খবর ফাঁস হতে চলেছে বলে জানা গেছে।
আগামী নভেম্বর প্রকাশিত হতে যাচ্ছে উসমান খাজার আত্মজীবনী ‘সবর’। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম কোড স্পোর্টস সম্প্রতি জানিয়েছে, চলমান দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া তিন ম্যাচের টেস্ট সিরিজ শেষে প্রকাশ করা হবে এই বই। এই বইয়ের বিষয়বস্তু সম্পর্কে প্যাট কামিন্সকে আগেই ধারণা দিয়েছেন খাজা। ফাঁস হতে পারে ২০১৮ স্যান্ডপেপার গেট কেলেঙ্কারির গোপন তথ্য। যদিও বইটিতে কী লেখা রয়েছে, তা এখনো জানা যায়নি।
আজ ডারবানে এরই মধ্যে শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া তিন ম্যাচের টেস্ট সিরিজ। টেস্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক কামিন্সের কাছেও এসেছে খাজার সবর বইয়ের প্রসঙ্গ। কামিন্স এটা নিয়ে তেমন একটা চিন্তিত নন। সাংবাদিকদের অস্ট্রেলিয়া অধিনায়ক বলেন, ‘‘কয়েক সপ্তাহ আগে আমাকে ফোন করেছিল খাজা। সে একটা বই প্রকাশের ব্যাপারে জানিয়েছে। তবে বইয়ে কী রয়েছে, সেটা নিয়ে বিস্তারিত বেশি কিছু বলেনি। আমি তাকে বলেছি, ‘কোনো সমস্যা নেই। তোমার গল্প বলো। কোনো আপত্তি নেই আমার।’’
আট বছর আগে কেপটাউন টেস্টে অস্ট্রেলিয়া দলের অধিনায়ক ছিলেন স্টিভ স্মিথ। ডেভিড ওয়ার্নার ছিলেন সহ-অধিনায়ক। খাজা-কামিন্সও ছিলেন একাদশে। সেবার আরেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফটকে ‘স্যান্ডপেপার’ দিয়ে বলের অবস্থা পরিবর্তন করতে দেখা গেছে। বল টেম্পারিংয়ের ঘটনা প্রকাশ্যে আসার পর ব্যানক্রফট, ওয়ার্নার, স্মিথ বিভিন্ন মেয়াদে শাস্তি পেয়েছিলেন। স্মিথকে ছাড়তে হয়েছিল অধিনায়কত্বও।
স্যান্ডপেপার গেট কেলেঙ্কারির সেই ঘটনার পর খাজা, ওয়ার্নার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। স্মিথ বিদায় বলেছেন ওয়ানডে ক্রিকেটকে। পরবর্তীতে তিনি অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়কত্ব করলেও স্থায়ীভাবে করেননি। কামিন্স বা অন্য কেউ না থাকলে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন স্মিথ।
আজ ডারবানে শুরু হওয়া প্রথম টেস্টে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ২০ ওভারে ২ উইকেটে ৬৭ রান করেছে অস্ট্রেলিয়া। ১৮ অক্টোবর পোর্ট এলিজাবেথে শুরু হবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। তৃতীয় টেস্ট কেপটাউনে মাঠে গড়াবে ২৭ অক্টোবর। ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের প্রথম তিনে থাকা অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সফলতার হার ৮০, ৭৫ ও ৭২.২২ শতাংশ।