প্রতিযোগিতামূলক ক্রিকেটে মোহাম্মদ নবির ছেলে হাসান ইসাখিল একেবারে নতুন নন। এইতো ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) বাবা-ছেলে একসঙ্গে খেলেন নোয়াখালী এক্সপ্রেসের হয়ে। এবার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে ইসাখিলের।
আজ দারউইশ রাসুলিকে অধিনায়ক করে ২০২৬ এশিয়ান গেমসের দল ঘোষণা করেছে আফগানিস্তান। টি-টোয়েন্টি সংস্করণে হতে যাওয়া এই টুর্নামেন্ট আন্তর্জাতিক টি-টোয়েন্টির অন্তর্ভুক্ত। ১৫ ক্রিকেটারের মধ্যে ছয় ক্রিকেটারের এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। ছয় অনভিষিক্ত ক্রিকেটারের একজন ইসাখিল। তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে চার ম্যাচ, ১৪ লিস্ট ‘এ’ এবং ৪১ টি-টোয়েন্টি খেলেছেন।
এশিয়ান গেমস ক্রিকেটে ছয় অনভিষিক্ত ক্রিকেটার তো আছেনই। এমনকি ৫ ক্রিকেটার আছেন, যাঁদের আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ সংখ্যা দশেরও কম। এই টুর্নামেন্টে রাসুলি, করিম জানাত ও নাজিবউল্লাহ জাদরান দলের অভিজ্ঞ খেলোয়াড়। তাঁদের সঙ্গে নাঙ্গেলিয়া খারোতে একমাত্র ক্রিকেটার, যাঁর আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা দশের বেশি। আফগানিস্তানের এই বাঁহাতি স্পিনার আন্তর্জাতিক ক্রিকেটে ১ টেস্ট, ১২ ওয়ানডে ও ৭ টি-টোয়েন্টি খেলেছেন।
আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা পাগিজা ক্রিকেট লিগে (এসসিএল) যাঁরা ভালো পারফর্ম করেছেন, তাঁদেরও দলে সুযোগ দেওয়া হয়েছে। সর্বশেষ এসসিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মোহাম্মদ আকরাম সুযোগ পেয়েছেন এশিয়ান গেমসের দলে। আফগানদের হয়ে মাত্র দুই টেস্ট খেলা ইসমত আলম এশিয়ান গেমস দলে সুযোগ পেয়েছেন। সর্বশেষ এসসিএলে টুর্নামেন্টসেরা হয়েছিলেন। ১৬৮ স্ট্রাইক রেটে ২৯৪ রান করার পাশাপাশি ১৬.৭৭ গড়ে পেয়েন ৯ উইকেট।
জাপানের আইচি-নাগোয়া শহরে ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত হবে এশিয়ান গেমস। ছয় দল খেলবে গ্রুপ পর্ব। যা বাছাইপর্বের সমতুল্য। ‘এ’ গ্রুপে জাপান, নেপালের বিপক্ষে খেলবে আফগানিস্তান। ‘বি’ গ্রুপে হংকংয়ের প্রতিপক্ষ মালয়েশিয়া, ওমান।
২০২৬ এশিয়ান গেমসে আফগানিস্তান দল
দারউইশ রাসুলি (অধিনায়ক), মোহাম্মদ ইসহাক (উইকেটরক্ষক), মোহাম্মদ আকরাম, হাসান ইসাখিল, খালিদ তানিওয়াল, ইমরান মীর, ফয়সাল শিনোজাদা, নাজিবউল্লাহ জাদরান, ফারমানউল্লাহ, ইসমত আলম, করিম জানাত, নাঙ্গেয়াল খারোতে, আরব গুল মোমান্দ, ফারিদুন দাউদজাই, আবদুল্লাহ আহমাদজাই