হোম > খেলা > ক্রিকেট

‘পাকিস্তানি ক্রিকেটারের বোলিং অ্যাকশনকে ভারতীয়রাই অকারণে প্রশ্নবিদ্ধ করছেন’

ক্রীড়া ডেস্ক    

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র চার ম্যাচ খেলেছেন উসমান তারিক। এরই মধ্যে একটি হ্যাটট্রিকও করে ফেলেছেন তিনি। ছবি: এএফপি

ভারত-পাকিস্তান মহারণ মাঠে গড়াতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। কলম্বোর প্রেমাদাসায় আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাঠে গড়াবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ। ভারত-পাকিস্তান ম্যাচের আগে অনেকেরই দুশ্চিন্তা শ্রীলঙ্কার আবহাওয়া নিয়ে। আজ ওয়াসিম আকরাম সামাজিক মাধ্যমে যে ভিডিও ছেড়েছেন, তাতে কলম্বোর মেঘলা আবহাওয়া সম্পর্কে ধারণা পাওয়া গেছে।

ভারত-পাকিস্তান ম্যাচে কলাকৌশল কী হবে-এই নিয়ে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে আজ একটি ভিডিও পোস্ট করেছেন ওয়াসিম আকরাম। ভিডিওতে দেখা গেছে, পাকিস্তানি দুই কিংবদন্তি ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনুস সমুদ্রের পাড়ে হাঁটতে হাঁটতে গল্প করছেন। বাতাসের শো শো শব্দ শোনা গেছে। কলম্বোর আকাশ মুখ ভারী করে আছে। এমন অবস্থায় তাঁদের (ওয়াকার-ওয়াসিম) আলোচনার মধ্যে উঠে এসেছেন উসমান তারিক। ওয়াকার বলেন, ‘সমালোচনা হচ্ছে যে বোলিংয়ের সময় সে একবার থেমে যাচ্ছে, বোলিং অ্যাকশনে সমস্যা। তবে এটা তার স্কিল। এটা প্রতিভা। মাঝেমধ্যে এমনটা হয়, যখন আপনি নির্দিষ্ট কোনো বোলারকে নিয়ে বেশি চিন্তা করবেন। আমার মতে ভারতীয়রা এমনটা বেশি করছে। তবে আমার মতে তার বোলিং অ্যাকশনে কোনো সমস্যা নেই।’

তারিকের অদ্ভুত বোলিং ভঙ্গি এবং বল ছাড়ার ঠিক আগে তাঁর সামান্য থেমে যাওয়ার কৌশল নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই। মূলত ব্যাটারদের ছন্দ নষ্ট করে দিতেই এমনটা করেন উসমা তারিক। পাকিস্তানি তরুণ স্পিনারের বোলিং নিয়ে ওয়াসিমের সঙ্গে আলোচনায় ওয়াকার বলেন, ‘এটা এক ধরনের আর্ট। অনেকে তাকে (উসমান তারিক) নিয়ে সমালোচনা করছেন। আজকাল সংবাদমাধ্যমের পাশাপাশি সামাজিক মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা বেড়ে গেছে। সবার কাছেই ফোন আছে। সেটা থাকুক। আমার এতে কোনো আপত্তি নেই।’

অল্প সময়ের মধ্যেই তারিক ব্যাটারদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন বলে তাঁকে নিয়ে অনেক কথাবার্তা চলছে বলে মনে করেন ওয়াকার। পাকিস্তানি কিংবদন্তি এই পেসার বলেন, ‘মিডিয়ায় তার (উসমান তারিক) বোলিং অ্যাকশনের ছবি বের হয়েছে। তাকে কীভাবে মোকাবিলা করা হবে, সেটা নিয়ে অনেকে ভাবছেন। উসমান তারিক তাদের মনে কোনো না কোনো চিন্তা তৈরি করেছে।’

ভারত-পাকিস্তান ম্যাচে আজ ৯৬ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ বারবার বিঘ্নিত হওয়ার শঙ্কা কাজ করছে। ডাকওয়ার্থ লুইস এন্ড স্টার্ন (ডিএলএস) মেথডে ফলও হতে পারে। বৈরি আবহাওয়ায় কোনো দলের পূর্ণ ইনিংস খেলার সম্ভাবনা যে কম, সেটা আজ ওয়াকার-ওয়াসিম আলোচনায় উঠে এসেছে।

বৃষ্টিকে একপাশে সরিয়ে রেখে ওয়াকারের আশা, জমজমাট একটা ম্যাচ হবে আজ। ওয়াসিমকে তিনি বলেন, ‘ম্যাচ শুরু হওয়া নিয়ে তেমন কিছু ভাবছি না। আশা করছি পুরো ম্যাচ হবে। আমরা জানি এটা অনেক বড় ম্যাচ। এই ম্যাচ জেতা বিশ্বকাপ জয়ের সমান।’ ভারত-পাকিস্তান ম্যাচ আজ পরিত্যক্ত হলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী দুই দলই এক পয়েন্ট করে পাবে। বর্তমানে ‘এ’ গ্রুপে দুই দলেরই সমান ৪ পয়েন্ট। ম্যাচ পরিত্যক্ত হলে ৫ পয়েন্ট নিয়ে দুই দলই সুপার এইটে উঠে যাবে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৪ ম্যাচে ৫.৯৩ ইকোনমিতে ১১ উইকেট নিয়েছেন উসমান। যার মধ্যে রয়েছে একটি হ্যাটট্রিকও। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে শুধু এক ম্যাচই খেলতে পেরেছেন তিনি। ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) ৪ ওভারে ২৭ রানে ৩ উইকেট নিয়েছেন। তাঁর বোলিং অ্যাকশনকে কেউ কেউ অবৈধ বললেও ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন একে বৈধ বলেই মনে করেন। উসমান তারিককে ভারতের সম্ভাব্য হুমকি হিসেবে দেখছেন তারকা স্পিনার হরভজন সিংও।

আমিরাতের কাছে হারের বদলা পাকিস্তানের ওপর নিল ভারত

পাকিস্তানের সঙ্গে এবারও হ্যান্ডশেক করবে না ভারত

নেপালকে বিদায় করে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

ক্রিকেটারদের সামাজিক মাধ্যম এড়িয়ে চলতে বলছেন নেপাল কোচ

বিশ্বকাপ ফাইনালেও যদি এই নিয়ম থাকত, নিউজিল্যান্ডের ক্রিকেটারের আফসোস

মন্ত্রী হওয়ার কোনো প্রস্তাব পাননি তামিম

ভারত-পাকিস্তান ম্যাচ এবার রোমাঞ্চকর হবে তো

হ্যাটট্রিক জয়ে সুপার এইটের পথে দক্ষিণ আফ্রিকা

ভারতীয়দের আলোচনার কেন্দ্রে পাকিস্তানি স্পিনার

ডান চোখের দৃষ্টিশক্তি হারানোর পর্যায়ে ইমরান খান, হৃদয় ভাঙছে ওয়াসিম আকরামের