হোম > খেলা > ক্রিকেট

‘পাকিস্তান ৭৯১ কোটি টাকা কোথায় খরচ করল, খতিয়ে দেখা উচিত’

ক্রীড়া ডেস্ক    

পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ধুয়ে দিয়েছেন কামরান আকমল। ছবি: সংগৃহীত

পাকিস্তান ক্রিকেটে একটু অন্যরকম ঘটনা ঘটলেই হলো। কামরান আকমল তো আর চুপ করে বসে থাকার পাত্র নন। সেই ব্যাপার নিয়ে রীতিমতো তোলপাড় করে ফেলেন তিনি। এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বৃষ্টির বাগড়ায় একটা ম্যাচ পরিত্যক্ত হওয়ায় কাঠগড়ায় তুলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)।

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডি স্টেডিয়াম পুনরায় সংস্কার করতে ১২৮০ কোটি পাকিস্তানি রুপি বাজেট ধরা হয়েছিল। বাংলাদেশি মুদ্রায় সেটা ৫৬৩ কোটি টাকা। ২৯ বছর পর আইসিসির কোনো ইভেন্ট আয়োজনে স্টেডিয়ামগুলো ঢেলে সাজাতে মোটা অঙ্কের টাকা খরচ হওয়াই স্বাভাবিক। কিন্তু সেই বাজেট বেড়ে ১৮০০ কোটি রুপি হয়ে যায় (বাংলাদেশি ৭৯১ কোটি ৫২ লাখ টাকা)।

এবারের পিএসএলে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৩১ মার্চ ইসলামাবাদ ইউনাইটেড-পেশোয়ার জালমি ম্যাচে বৃষ্টির বাগড়ায় একটা বলও মাঠে গড়াতে পারেনি। গত বছর স্টেডিয়াম সংস্কারের কাজে যে পিসিবি কোটি কোটি টাকা খরচ করল, তাতে কী লাভ হলো—সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন কামরান। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার এক ইউটিউব চ্যানেলে বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির আগে এত টাকা খরচ করা হলো কোন ভিত্তিতে করা হলো—আমি তো বুঝতেই পারছি না। এই বিষয়গুলো তো দেখা উচিত।’

মাঠের অব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলেছেন আকমল। বিশেষ করে মাঠের ড্রেনেজ ব্যবস্থা আরও একটু উন্নত হওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি। পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেটার বলেন, ‘কাভার আনতে তো ১ মিনিটই লাগে। আরও কিছু কাভার বাড়িয়ে নিন। আপনি তো জানেন আমাদের জন্য প্রতিটি ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ। আপনারা যখন এত টাকা খরচ করছেন, ডিজাইনের সময় সঠিক ড্রেনেজ ব্যবস্থাপনার বিষয়টিও খেয়াল রাখা উচিত ছিল।’

বৃষ্টির বাগড়ায় শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ায় ম্যাচ পরিত্যক্ত হওয়ার মতো ঘটনা ঘটে অহরহ। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ার পাশাপাশি ডাকওয়ার্থ লুইস এন্ড স্টার্ন মেথডে (ডিএলএস) অনেক ম্যাচের ফল এসেছে। আর গত মাসে শেষ হওয়া শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপের দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। যদিও আরেক আয়োজক ভারতে বৃষ্টি বাধা সৃষ্টি করতে পারেনি। আর ৩১ মার্চ লাহোরে পিএসএলের ইসলামাবাদ ইউনাইটেড-পেশোয়ার জালমি ম্যাচ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়ার কথা থাকলেও রাত ১০টা ২১ মিনিটে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

পাকিস্তানের মতো দেশে যেখানে কম বৃষ্টি হয়, সেখানে মাঠের এমন অব্যবস্থাপনা মানতে পারছেন না আকমল। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘মেলবোর্ন, শ্রীলঙ্কায় যেসব স্টেডিয়াম আছে, সেখানে পানি জমে থাকে না। ৫ মিনিটের মধ্যেই বের হয়ে যায়। যেখানে ভারী বৃষ্টিপাত তেমন একটা হয় না, সেখানে এমন অদক্ষতা একেবারেই অগ্রহণযোগ্য।’

২৬ মার্চ শুরু হওয়া পিএসএলে গতকাল পর্যন্ত হয়েছে ১০ ম্যাচ। শুধু বৃষ্টির বাগড়ায় ইসলামাবাদ-পেশোয়ার ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। ৩ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে করাচি কিংস। চার পয়েন্ট নিয়ে দুইয়ে মুলতান সুলতানস। তিন ও চারে থাকা পেশোয়ার, ইসলামাবাদ দুই দলেরই পয়েন্ট ৩। লাহোর, কোয়েটা দুই দলের সমান ২ পয়েন্ট। তবে নেট রানরেটে এগিয়ে থেকে পাঁচে লাহোর। ছয়ে অবস্থান করছে কোয়েটা। সাত ও আটে রয়েছে রাওয়ালপিন্ডি পিন্ডিজ ও হায়দরাবাদ। এই দুই নবাগত এখনো টুর্নামেন্টে জয়ের দেখা পায়নি।

ডিপিএল নিয়ে ক্লাবগুলোর সঙ্গে বসছে সিসিডিএম

বাবার কারণে ধোনি-কপিলের কাছে ক্ষমা চাইলেন যুবরাজ

আমিরের রেকর্ড কি ভাঙতে পারবেন মোস্তাফিজ

ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নে বিসিবির চিঠি

অশালীন ভাষা ব্যবহার করে শাস্তি পেলেন ভারতীয় ব্যাটার

৩৩ কোটি টাকা এভাবেই ‘গচ্চা’ দিতে হচ্ছে কলকাতার

এত দিন পর মোস্তাফিজকে নিয়ে আইপিএল চেয়ারম্যানের বোধোদয়

তদন্ত চলাকালে বিসিবির আরও এক পরিচালকের পদত্যাগ

অবশেষে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

আইপিএল খেলার অনুমতি না পেয়ে আদালতে লঙ্কান ক্রিকেটার