হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ ম্যাচের একাদশ ঘোষণা করল অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক    

বাংলাদেশের বিপক্ষে আগামীকাল প্রথম টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া। ছবি: ক্রিকইনফো

ডারউইনে আগামীকাল মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট। এক দিন আগেই আজ প্রথম টেস্টের একাদশ ঘোষণা করল অস্ট্রেলিয়া। স্বাগতিকদের একাদশে ব্যাটিং-বোলিং মিলিয়ে দারুণ ভারসাম্য রয়েছে।

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের একাদশে আছেন তিন পেসার ও এক স্পিনার। অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে পেস বোলিং লাইনআপে থাকছেন জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক। স্বীকৃত স্পিনার হিসেবে আছেন নাথান লায়ন।

ডারউইন টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন কামিন্স, হ্যাজলউড ও লায়ন। অ্যাডিলেডে গত বছরের ডিসেম্বরে অ্যাশেজে খেলার পর আর অস্ট্রেলিয়ার জার্সিতে খেলা হয়নি কামিন্সের। লায়নও সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে। অস্ট্রেলিয়ার জার্সিতে হ্যাজলউড সবশেষ খেলেছেন গত বছরের অক্টোবরে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে ওপেনিংয়ে ট্রাভিস হেডের সঙ্গে আছেন জেক ওয়েদারাল্ড। হেড টেস্টেও যে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে পারেন, সেটা সবশেষ অ্যাশেজে প্রমাণ করেছেন। ওয়েদারাল্ড ওপেনিংয়ে নামছেন উসমান খাজার পরিবর্তে। এ বছরের জানুয়ারিতে সিডনিতে অ্যাশেজের শেষ টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন খাজা।

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে টপ অর্ডারে আছেন মারনাস লাবুশেন। চার নম্বরে ব্যাটিং করবেন স্টিভ স্মিথ। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন অ্যালেক্স ক্যারি। আছেন দুই পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও বিউ ওয়েবস্টার।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাকেতে হবে ২২ আগস্ট। আট ম্যাচে সাত জয়ে ৮৭.৫০ শতাংশ সফলতার হার নিয়ে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সবার ওপরে অস্ট্রেলিয়া। এই চক্রে চারে থাকা বাংলাদেশের সফলতার হার ৫৮.৩৩ শতাংশ।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ

জেক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বিউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন, জশ হ্যাজলউড