সেঞ্চুরি করার পর নাজমুল হোসেন শান্তর চুমু উদযাপন পরিচিত দৃশ্য হয়ে গেছে। মিরপুরে আজ শুরু হওয়া পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই তিন অঙ্ক ছুঁয়েছেন। এবারও চুমু উদযাপন করেছেন।
শান্তর চুমু উদযাপন নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল দেশের ক্রিকেটপ্রেমীদের। চুমুটা আসলে কাকে দেন? গত বছরের ডিসেম্বরে আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে শান্ত তাঁর চুমুর গল্প বলেছিলেন। এ ব্যাপারে তখন তিনি বলেছিলেন, ‘প্রথম আমার মনে হয় যখন ওয়ানডে সেঞ্চুরি করেছিলাম, তখন এটা (চুমু উদযাপন) করেছিলাম। আপনাআপনি এটা হয়ে গিয়েছিল। ড্রেসিংরুমে যাঁরা ছিলেন প্রত্যেক ক্রিকেটার, কোচিং স্টাফ, সবাই আমাকে সাহায্য করেছিলেন। ড্রেসিংরুমের উদ্দেশ্যেই করা। আলাদা কোনো পরিকল্পনা করে করা ছিল না।’ আজ তিন অঙ্ক ছোঁয়ার পর চুমু উদযাপন করার পর মাত্র ১ রান যোগ করতে পেরেছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার।
ফিফটিকে কীভাবে সেঞ্চুরিতে পরিণত করতে হয়, সেটা নাজমুল হোসেন শান্ত ভালো করেই জানেন। বাংলাদেশের ক্রিকেটারদের বেশির ভাগ সময় নার্ভাস নাইনটিতে কাটা পড়লেও শান্ত ব্যতিক্রম। টেস্টে তাঁর ফিফটির চেয়ে সেঞ্চুরির সংখ্যাই বেশি। আজ পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন। তবে তিন অঙ্ক ছোঁয়ার পর ইনিংসটা আর বড় করতে পারেননি তিনি।