হোম > খেলা > ক্রিকেট

ভারত ম্যাচের আগমুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ দলে পরিবর্তন

ক্রীড়া ডেস্ক    

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন আমির জাঙ্গু। ছবি: ক্রিকইনফো

কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।

লক্ষ্ণৌতে আগামীকাল শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। অ্যান্ড্রুর বিকল্প হিসেবে জাঙ্গু সুযোগ পেয়েছেন বলে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) এক বিবৃতিতে নিশ্চিত করেছে। তবে অ্যান্ড্রু পুরোপুরি ছিটকে যাননি। তিনি এখনো মেডিকেল দলের পর্যবেক্ষণে আছেন বলে সিডব্লিউআই এক বিবৃতিতে নিশ্চিত করেছে। তাঁর অবস্থা মূল্যায়ন করে দেখা হচ্ছে।

১৯ বছর বয়সী অ্যান্ড্রু ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে প্রথম বলেই শূন্য রানে আউট হয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে একাদশের বাইরে থাকার পর তৃতীয় ম্যাচে আবার একাদশে সুযোগ পান। ফিল্ডিংয়ে দুটি ক্যাচ ধরেন। তাঁর ক্যাচেই রোহিত শর্মা সেঞ্চুরি থেকে ৮ রান দূরে থাকতে আউট হয়েছেন। তবে নামান ধীরের ক্যাচ ধরতে গিয়েই ব্যথা পান অ্যান্ড্রু। ৩৬তম ওভারের শেষ বলে গুড়াকেশ মোতিকে ড্রাইভ করতে গিয়ে কাভারে অ্যান্ড্রুর হাতে ক্যাচ তুলে দেন নামান। ক্যাচ ধরে আঙুলে চোট পাওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়া হয় অ্যান্ড্রুকে।

স্ক্যানে অ্যান্ড্রুর হাড় ভাঙার মতো কোনো ঘটনা ঘটেনি। তবে নিউ চন্ডীগড়ে গত পরশু ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তিনি ব্যাটিং করতে পারেননি। সেই ম্যাচে নিজেদের ওয়ানডে ইতিহাসে ৩৫২ রান তাড়া করে জয়ের কীর্তি গড়ে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বিপক্ষে ১০ বল হাতে রেখে ৫ উইকেটে জেতায় ম্যাচসেরা হয়েছেন শাই হোপ। ১৪৩ বলে ১৭ চার ও ৩ ছক্কায় ১৬২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। এটা তাঁর ওয়ানডে ক্যারিয়ারের ২১তম সেঞ্চুরি।

২৯ বছর বয়সী জাঙ্গুকে মূলত দীর্ঘ সংস্করণের খেলোয়াড় হিসেবেই বিবেচনা করা হয়। তবে ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ দলে অভিষেকের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাত ম্যাচ খেলেছেন। ৩২.৬০ গড় ও ১২০.৭৪ স্ট্রাইকরেটে করেন ১৬৩ রান। ৫ টেস্টে করেন ৩৩৬ রান। যার মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে এক ফিফটিকে সেঞ্চুরিতে রূপান্তর করে ২৩৩ রানের ইনিংস খেলেছেন।

১২ ওয়ানডেতে ৫৮.৩৭ গড় ও ১০২.৪১ স্ট্রাইকরেটে জাঙ্গু করেন ৪৬৭ রান। সাদা বলের এই সংস্করণে ২ সেঞ্চুরি ও ৩ ফিফটি করেন। ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুই ফিফটি ও এক সেঞ্চুরিতে ২৩৯ রান করেন তিনি। তাঁর চেয়ে বেশি রান করেছেন হোপ ও শুবমান গিল। ৩৩৬ রান করে সিরিজে সর্বোচ্চ রানসংগ্রাহক গিল। দ্বিতীয় সর্বোচ্চ ২৭৮ রান করেন হোপ।