হোম > খেলা > ক্রিকেট

অবসরে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী ক্রিকেটারের জার্সি

ক্রীড়া ডেস্ক    

অবসরে ডোয়াইন ব্রাভোর ৪৭ নম্বর জার্সি। ছবি: ক্রিকইনফো

চ্যাম্পিয়ন গান গেয়ে ভাইরাল ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো ক্যারিয়ারে চ্যাম্পিয়ন তো কম হননি। ২০১২ ও ২০১৬ সালে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ তো জিতেছেনই। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন। এবার তাঁর জার্সিকে পাঠানো হলো অবসরে।

ক্যারিবীয় প্রিমিয়ার লিগের (সিপিএল) ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে নিজের জার্সি অবসরে যাওয়ার সম্মান পেলেন ব্রাভো। গতকাল রাতে পোর্ট অব স্পেনে জ্যামাইকা কিংসমেনের বিপক্ষে নাইট রাইডার্সের ম্যাচ শুরুর আগে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর ৪৭ নম্বর জার্সি অবসরে পাঠানো হয়েছে। নাইট রাইডার্স গ্রুপের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোর বলেন, ‘নাইট রাইডার্স এবং সিপিএলে ডোয়াইন ব্রাভোর অবদান মেপে দেখা অসম্ভব। ৪৭ নম্বর জার্সি অবসরে পাঠানো আমাদের পক্ষ থেকে তাঁর উত্তরাধিকারকে চিরদিন এই ফ্র্যাঞ্চাইজির অংশ করে রাখার একটি উপায়। সিপিএলের ইতিহাসে এই সম্মান পেতে তাঁর চেয়ে যোগ্য আর কেউ হতে পারতেন না।’

২০২৪ সালের সেপ্টেম্বরে সব ধরনের ক্রিকেট থেকে অবসরে যান ব্রাভো। বর্তমানে তিনি ত্রিনবাগো নাইট রাইডার্সের কোচের দায়িত্বে আছেন। এক সময়ের সতীর্থ সুনীল নারাইন তাঁর অধীনেই খেলছেন এবারের সিপিএলে। ২০১২ সালে তিনি-ব্রাভো একসঙ্গে উঁচিয়ে ধরেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা।

নারাইনের মতে ব্রাভো অনেক তরুণ ক্রিকেটারের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করছেন। ওয়েস্ট ইন্ডিজের সাবেক স্পিনার বলেন, ‘আমার মতে আপনি অনেক তরুণ ক্রিকেটারের পথ তৈরি করে দিয়েছেন। যেভাবে আপনি নিজের যত্ন নেন, আপনার কর্মশক্তি এবং সবকিছুতে জেতার যে আকাঙ্ক্ষা, তা সত্যিই অসাধারণ।’

ত্রিনবাগো নাইট রাইডার্সের বর্তমান অধিনায়ক নিকোলাস পুরানের মতে ব্রাভো তরুণ ক্রিকেটারদের যোগ্য অভিভাবক। ফ্র্যাঞ্চাইজিটির প্রকাশিত এক ভিডিও বার্তায় পুরান বলেন, ‘অনুপ্রেরণা ও আদর্শ হয়ে থাকায় আপনাকে ধন্যবাদ। আপনাকে পাশে পেয়ে সত্যিই আনন্দিত। বড় ভাইয়ের মতো পাশে থাকায় ধন্যবাদ। অনেক সময় আমাদের বাবার ভূমিকাও পালন করেছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমার জীবনে অনুপ্রেরণা হয়ে থাকায় আপনাকে ধন্যবাদ।’

খেলোয়াড় হিসেবে পাঁচবার সিপিএলের শিরোপা জিতেছেন ব্রাভো। যার মধ্যে ২০১৫ সালে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো রেড স্টিলের হয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। ২০১৭ ও ২০১৮ সালে ত্রিনবাগো নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে জেতেন শিরোপা। ২০২১ সালে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের অধিনায়ক হিসেবে হয়েছিলেন চ্যাম্পিয়ন। আর ২০২০ সালে যখন ত্রিনবাগোর হয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন, তখন অধিনায়ক ছিলেন কাইরন পোলার্ড।

সিপিএলের পাশাপাশি তিনবার ব্রাভো জিতেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা। তিনবারই চ্যাম্পিয়ন হয়েছেন চেন্নাই সুপার কিংসের জার্সিতে। এমনকি ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেতেন চ্যাম্পিয়নস ট্রফিও। বর্তমানে ৬৫২ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী এখন ব্রাভো। এই তালিকায় সবার ওপরে থাকা রশিদ খানের উইকেট ৭৩৬। টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ৬৫২ উইকেট পেয়েছেন নারাইন।