অস্ট্রেলিয়ার মাঠে প্রথমবার ওয়ানডে খেলতে নেমে যাচ্ছেতাই পারফরম্যান্স করেছে বাংলাদেশ। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে সিরিজের প্রথম ওয়ানডেতে ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। বাজে হারের পরও ভক্ত-সমর্থকদের আশার বাণী শুনিয়েছেন জ্যোতি।
অ্যালান বোর্ডার ফিল্ডে টস হেরে আগে ব্যাটিং পেয়ে বাংলাদেশ শেষ ওভার পর্যন্ত খেললেও সর্বসাকল্যে করেছে ১৬৬ রান। এই লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৬ বল হাতে রেখেই ৭ উইকেটের সহজ জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। সিরিজ জিততে এখন শেষ দুই ওয়ানডে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জ্যোতি বলেন, ‘ম্যাচের নিয়ন্ত্রণ নিতে হলে মাথা ঠাণ্ডা রাখতে হবে। খেলতে হবে ধৈর্য ধরে। পরের ম্যাচে কীভাবে এগুলো বাস্তবায়ন করা যায়, সেই চিন্তা করছি।’
আগে ব্যাটিং পাওয়া ৩৭.৪ ওভারে ৭ উইকেটে ১২২ রানে পরিণত হয় বাংলাদেশ। যার মধ্যে পাওয়ারপ্লেতেই ভেঙে যায় টপ অর্ডার। প্রথম ৪৭ বলের মধ্যে বিদায় নেন ফারজানা হক পিংকি, শারমিন সুলতানা ও শারমিন আক্তার। পিংকি ইনিংসের প্রথম বলেই আউট হয়েছেন। শারমিন সুলতানা করেন ৪ রান। শারমিন আক্তার ২৬ বলে ২ চারে করেন ২৪ রান।
হারের ব্যাখ্যায় শুরুতে ধস নামার কথা উল্লেখ করেছেন জ্যোতি। অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হারের পর বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘নতুন বলে ব্যাটিং করতে আমাদের সতর্ক হতে হবে। পাওয়ার প্লেতে এতগুলো উইকেট হারানো যাবে না। জুটি গড়তে পারিনি। তাই আমরা পথ হারিয়ে ফেলেছি।’
বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৩৭ রানের জুটি এসেছে অষ্টম উইকেটে। নাহিদা আক্তার-রিতু মনি ৫৮ বলে ৩৭ রানের জুটি গড়েন। তবে শুরুতে যে চারের ওপরে রানরেট ছিল, শেষ পর্যন্ত সেটার আশেপাশেও ছিল না। ৪৯.৪ ওভারে ৩.৩৪ রানরেটে সফরকারীরা করে ১৬৬ রান। বোলিংয়ে হাবিবা ইসলাম পিংকি ২ উইকেট নিয়েছেন। ফোব লিচফিল্ড, বেথ মুনিকে দ্রুত পিংকি ফেরালেও কাজের কাজ কিছুই হয়নি।
বাজে হারের পরও ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন জ্যোতি। অ্যালান বোর্ডার ফিল্ডে আজ প্রথম ওয়ানডে শেষে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘অনেক ইতিবাচক দিকও ছিল। হাবিবা পিংকি আক্রমণাত্মক ছিল। ইতিবাচক মানসিকতা নিয়ে খেলেছে। যে-ই বোলিং করেছে, সঠিক জায়গায় বোলিং করেছে। পরের ম্যাচেও এই ইতিবাচক দিকগুলো ধরে রাখতে হবে।’
অ্যালান বোর্ডার ফিল্ডেই হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের সিরিজের তিন ওয়ানডে। পরের ম্যাচ হবে পরশু। তৃতীয় ওয়ানডে ১৪ অক্টোবর মাঠে গড়াবে।