হোম > খেলা > ক্রিকেট

হেরেও আগের অবস্থানেই বাংলাদেশ, তবে...

ক্রীড়া ডেস্ক    

অস্ট্রেলিয়ার সঙ্গে ১-১ সমতায় টেস্ট সিরিজ ড্র করেছে বাংলাদেশ। ছবি: এএফপি

অস্ট্রেলিয়াকে ম্যাকাই টেস্টে হারালে একসঙ্গে অনেক কীর্তি গড়ত বাংলাদেশ। চতুর্থবারের মতো বিদেশের মাঠে টেস্ট সিরিজ জয়, অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাই, ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এগোনো—নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের সামনে ছিল এমন কিছু করার সুযোগ। কিন্তু সিরিজের দ্বিতীয় টেস্টে মুখ থুবড়ে পড়ল সফরকারীরা।

ম্যাকাইতে আজ দুই দিনে শেষ হওয়া টেস্টে ইনিংস ও ৫১ রানে হেরেছে বাংলাদেশ। তবে ৭৫০ বলে টেস্ট হওয়া শেষ ম্যাচ হারলেও শান্তর দলের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। অস্ট্রেলিয়ার কাছে হারের পর ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সফলতার হার ৫৫.৫৬ শতাংশ। ৬ ম্যাচে ৩ জয়, ২ হার ও ১ ড্রয়ে শান্তর দল পেয়েছে ৪০ পয়েন্ট। তবু পয়েন্ট টেবিলে আগের মতোই চার নম্বরে রয়েছে বাংলাদেশ।

এদিকে অস্ট্রেলিয়া সিরিজ ড্র করে শীর্ষস্থান পোক্ত করেছে। ১০ ম্যাচে ৮ জয়ে ৮০ শতাংশ সফলতার হার নিয়ে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে এখনো অজিরাই। আগের মতো দুই ও তিনে আগের মতোই দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে প্রোটিয়াদের সফলতার হার ৭৫ শতাংশ। ৭২.২২ শতাংশ সফলতার হার নিয়ে তিনে নিউজিল্যান্ড।

চার নম্বর স্থানে বাংলাদেশ বেশি দিন হয়তো নাও থাকতে পারে। বর্তমানে পাঁচ ও ছয়ে থাকা ভারত ও শ্রীলঙ্কার সফলতার হার ৫৩.৩৩ ও ৩৩.৩৩ শতাংশ। আজ কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে শুরু হয়েছে শ্রীলঙ্কা-ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টস জিতে আগে ব্যাটিং নিয়ে ভারত ৫৮ ওভারে ৩ উইকেটে ২০৮ রান করল ভারত। কলম্বো টেস্ট জিতলে ভারতের সফলতার হার হবে ৫৭.৫৭ শতাংশ। তখন তারা চার নম্বরে উঠবে। তাতে বাংলাদেশ নেমে যাবে পাঁচে।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের পর ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট টেবিল। ছবি: ক্রিকইনফো

বাংলাদেশের এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার পথটা একটু কঠিন হয়ে গেল। এখন শান্তর দলের সামনে ছয় টেস্ট। যার মধ্যে চারটিই খেলবে ঘরের মাঠে। বাংলাদেশের মাঠে দুটি করে টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। তবে শান্ত-মেহেদী হাসান মিরাজদের দলের সবচেয়ে বড় পরীক্ষা হবে এ বছরের নভেম্বরে। দক্ষিণ আফ্রিকার মাঠে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ।