মাত্র ২৩ ওয়ানডের ক্যারিয়ার ডেল বেনকেনস্টাইনের। খেলেছেন মাত্র চার বছর। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার খুব বেশি দীর্ঘায়িত নয়। কোচ হিসেবেও তেমন একটা পরিচিত নয়। কিন্তু বাংলাদেশের সঙ্গে তাঁর অনেক স্মৃতি জড়িয়ে আছে। এবার বাংলাদেশের ব্যাটিং বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকান এই কোচ।
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে বাংলাদেশের গন্তব্য এখন দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন সংস্করণেরই ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেনকেনস্টাইনকে ব্যাটিং বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ দেওয়ার কথা নিশ্চিত করেছে। বর্তমানে তিনি ডারহাম কাউন্টি ক্রিকেট ক্লাবের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশে বেনকেনস্টাইনের কোচিং ক্যারিয়ার একেবারে নতুন হলেও এই দেশ ও দল তাঁর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ১৯৯৮ সালে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ম্যাচটাই তিনি খেলেছেন ঢাকায়। ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত সেই ম্যাচটি ছিল চ্যাম্পিয়নস ট্রফির অন্তর্ভুক্ত। প্রথমবারের মতো অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির শিরোপাও জেতে দক্ষিণ আফ্রিকা। বেনকেনস্টাইনের মূল পরিচয় অলরাউন্ডার হলেও সেসময় দক্ষিণ আফ্রিকা দলে জ্যাক ক্যালিস, ল্যান্স ক্লুজনার, শন পোলকদের মতো তারকারা থাকায় খুব বেশি খেলার সুযোগ হয়নি। ১৯৯৮ থেকে ২০০২ পর্যন্ত চার বছরে খেলেছেন ২৩ ওয়ানডে। শেষ ম্যাচটি খেলেছেন ২০০২ সালের অক্টোবরে বেনোনিতে বাংলাদেশের বিপক্ষে।
খেলোয়াড়ি জীবনে সর্বসাকল্যে বাংলাদেশের বিপক্ষে দুটি ওয়ানডে খেলেছেন বেনকেনস্টাইন। এক ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে করেন ২ রান। বোলিংয়ে পেয়েছেন ১ উইকেট। ক্রিকেটীয় ক্যারিয়ারের বাইরেও কোচ হিসেবে বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলেন। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে লন্ডনের ওভালে বাংলাদেশের কাছে হারের ম্যাচে তিনি ছিলেন প্রোটিয়াদের ডাগআউটে। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ ছিলেন বেনকেনস্টাইন।
২৩ ওয়ানডের ক্যারিয়ারে ৩০৫ রান করেছেন বেনকেনস্টাইন। নিয়েছেন ৪ উইকেট। তবে তাঁর প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ার অনেক সমৃদ্ধ। ১৫৯৬২ রানের পাশাপাশি নিয়েছেন ১০০ উইকেট। দক্ষিণ আফ্রিকার পাশাপাশি ইংলিশ কাউন্টি ক্রিকেটে হ্যাম্পশায়ার, ল্যাঙ্কাশায়ার ও গ্লুচেস্টারশায়ারের মতো দলেও কোচিং করিয়েছেন তিনি। নিজ দেশ দক্ষিণ আফ্রিকার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এবার তিনি জন্মভূমির প্রতিপক্ষ দলের কোচের দায়িত্বে থাকছেন।
১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিয়নে শুরু হবে ২৩ নভেম্বর থেকে। এরপর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। শুধু বেনকেনস্টাইনই নন, বাংলাদেশের ডাগআউটে থাকছেন আরও এক দক্ষিণ আফ্রিকান। এ বছরের অক্টোবরে ২ বছরের মেয়াদে মালিবোঙ্গে মাকেতাকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।