আর মাত্র কয়েক ঘণ্টা পরই সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তবে আসন্ন সিরিজ ঘিরে সুখবর নেই দেশের ক্রিকেটামোদীদের জন্য। প্রিয় দলের ব্যাট-বলের লড়াই টিভিতে দেখতে পারবেন না বাংলাদেশের ভক্তরা।
কোনো টেলিভিশন চ্যানেলে সরাসরি দেখা যাবে না বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। সিরিজটি দেখার জন্য বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের একমাত্র ভরসা ওটিটি প্ল্যাটফর্ম ট্যাপম্যাড। এই অ্যাপে খেলা দেখার জন্য নির্দিষ্ট পরিমাণ খরচ করতে হবে ভক্তদের।
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সম্প্রচার স্বত্ব পাওয়া দেশগুলোর তালিকায় শ্রীলঙ্কার জন্য রয়েছে স্টার স্পোর্টস ও সুপ্রিম টিভি। পাকিস্তানে ম্যাচ দেখাবে টেন স্পোর্টস ও ট্যাপম্যাড। মালদ্বীপ, নেপাল ও ভুটানে সম্প্রচার করবে স্টার স্পোর্টস। আর ভারতে স্টার স্পোর্টসের পাশাপাশি জিওহটস্টারে সরাসরি দেখা যাবে এই দুই টেস্ট।
পরিসংখ্যানে বেশ পিছিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে ছয় টেস্ট খেলে মাত্র একবার জয়ের স্বাদ পেয়েছে তারা। বিপরীতে অজিদের জয় পাঁচটি। এর মধ্যে তিনটাতেই ইনিংস ব্যবধানে জিতেছে ক্রিকেটের পরাশক্তিরা।
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামার আগে ব্যাটারদের ফর্ম নিয়ে চিন্তিত বাংলাদেশ। একমাত্র প্রস্তুতি ম্যাচে পুরো তিন দিন খেলতে পারেনি সফরকারীরা। ইনিংস ও ৩৫ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। প্রথম ইনিংসে ২৬৩ রান করলেও দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি কেবল মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরি। বাকিদের হতাশাজনক ব্যাটিং চিন্তা বাড়িয়েছে টিম ম্যানেজমেন্টের। যদিও প্রস্তুতি ম্যাচের বাজে ব্যাটিংকে কেবল দূর্ঘটনা বলেই মনে হচ্ছে শান্তর কাছে। সে ম্যাচের দুঃস্মৃতি ভুলে গিয়ে নিজেদের প্রতি বিশ্বাস রাখছেন বাংলাদেশ দলপতি।
শান্ত বলেন, ‘সুমন ভাইয়ের সঙ্গে এটা নিয়েই কথা হচ্ছিল যে ২৩ বছর আগের দল এখন আর নাই। তাঁরও বিশ্বাস আছে দলের ওপর। প্রস্তুতি ম্যাচের যে কথা বললেন, এমন ম্যাচ আগেও খেলেছি। খারাপ দিন যেতেই পারে। বিশ্বাস করি এরকম দিন টেস্ট ম্যাচে আসবে না। এই বিশ্বাস আছে। সেটা প্রস্তুতি পর্ব ছিল। কাল থেকে লড়াই শুরু হবে। কীভাবে চ্যালেঞ্জটা নিচ্ছি, এটাই গুরুত্বপূর্ণ।’
ফলাফলের দিকে না তাকিয়ে ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলার লক্ষ্য শান্তর, ‘আমরা তো ৫ দিনই ভালো ক্রিকেট খেলতে চাই। সেশন ধরে ধরে এগোতে চাই। প্রত্যেক সেশন গুরুত্বপূর্ণ। কয় দিনে যাবে এ ধরনের আলোচনা থাকবেই। আমাদের লক্ষ্য থাকবে কত ভালো খেলতে পারি।’