হোম > খেলা > ক্রিকেট

অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা করল বিসিবি

ক্রীড়া ডেস্ক    

প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে জ্যোতিরা। ছবি: ক্রিকইনফো

অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো ক্যাঙ্গারুদের দেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ।

আগামী ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ। এরপর সেখানে গিয়ে সিরিজের জন্য প্রস্তুতি নেবে সফরকারী দল। এর আগে ২০২৪ সালে বাংলাদেশ সফরে এসে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া।

যথারীতি বাংলাদেশের নেতৃত্বে থাকছেন নিগার সুলতানা জ্যোতি। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাহিদা আক্তার। জ্যোতি সম্প্রতি টি টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেও ওয়ানডেতে তাঁর ওপরই ভরসা রাখছে ম্যানেজমেন্ট।

দলে জ্যোতি ও নাহিদার পাশাপাশি আছেন স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, রিতু মনি, সোবহানা মোস্তারি, সারমিন সুলতানা, শারমিন আক্তার সুপ্তাদের মতো পরিচিতি মুখরা।

সফরের তিনটি ওয়ানডেই হবে ব্রিসবেনে। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, রিতু মনি, সোবহানা মোস্তারি, সারমিন সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, ফারজানা হক, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন ও হাবিবা ইসলাম পিংকি।