হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর

আইসিসি শাস্তি দিলে ভারতের পুরোনো কাহিনি সামনে টেনে আনবে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    

ভারত-ম্যাচ বয়কটের ডাক দিয়েছে পাকিস্তান। ছবি: ক্রিকইনফো

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। ঠিক এই সময়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) মধ্যে চলছে ‘ত্রিমুখী যুদ্ধ।’ ভারত-ম্যাচ বয়কটের কারণে যদি পিসিবিকে শাস্তি দেয় আইসিসি, তখন পিসিবিও কড়া পদক্ষেপ নেবে বলে শোনা যাচ্ছে।

বিশ্বকাপের ভারত-ম্যাচ বয়কট ইস্যুতে পাকিস্তানকে নানারকম শাস্তি দেওয়া হতে পারে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। যদি এমনটা হয়, সে ক্ষেত্রে ছেড়ে কথা বলবে না পাকিস্তানও। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’-এর আজকের এক প্রতিবেদনে জানা গেছে, বিসিসিআইয়ের সঙ্গে ২০১৮ সালের নভেম্বরের বিরোধের কাহিনী সামনে আনতে যাচ্ছে পিসিবি। সে সময় বিসিসিআইয়ের বিরুদ্ধে পিসিবি ৬ কোটি ৩০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করেছিল। বাংলাদেশি মুদ্রায় সেটা ৭৬৯ কোটি ৫৬ লাখ টাকা। তবে আইসিসির বিরোধ নিষ্পত্তিকরণ কমিটি সেটা খারিজ করে দিয়েছিল।

রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ হচ্ছে না ১৩ বছর ধরে। ২০১৮ সালে পিসিবি যে মামলা করেছিল, তাতে বিসিসিআইয়ের বিরুদ্ধে সাতটি দ্বিপক্ষীয় সিরিজ না খেলার চুক্তি ভঙ্গের অভিযোগ ছিল। ২০১৪ থেকে ২০২৩ পর্যন্ত এই সাতটি সিরিজ হওয়ার কথা ছিল। যার মধ্যে পাকিস্তানে যে দুটি সিরিজ হওয়ার কথা ছিল, সেটার জন্য ক্ষতিপূরণের দাবি করেছিল পিসিবি।

বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াসহ অনেক ক্রিকেট দল পাকিস্তান সফরে নিয়মিত যাচ্ছে। তবে ২০০৮ এশিয়া কাপের পর প্রতিবেশী পাকিস্তানের মাঠে পা রাখেনি ভারতীয় ক্রিকেট দল। এমনকি ২০২৩ এশিয়া কাপ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি—এই দুই টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলেও ভারতের কারণে হাইব্রিড মডেলে হয়েছিল। ২০২৩ এশিয়া কাপে ভারত খেলেছিল শ্রীলঙ্কায় আর ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের ম্যাচগুলো হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত-ম্যাচ বয়কটের কারণে পাকিস্তানের শাস্তি পাওয়ার বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না আইসিসির যোগাযোগ বিভাগের সাবেক প্রধান সামিউল হাসান বার্নি। একই সঙ্গে তিনি মনে করেন, ভারতের সহায়তা ছাড়াও পাকিস্তান ক্রিকেট টিকে থাকতে পারবে। আইসিসির সাবেক এই কর্মকর্তা বলেন, ‘২০ বছর ধরে ভারতীয় ক্রিকেট দলকে পাকিস্তান নিজেদের দেশে আমন্ত্রণ জানাচ্ছে না। ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত বিভিন্ন দেশে বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে খেলতে বাধ্য হয়েছিল পাকিস্তান। তবু তারা ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় শিরোপা জিতেছে। আর্থিক কিছু জটিলতার শঙ্কা রয়েছে। তবে পিসিবি যদি ভারতের বিপক্ষে না খেলে টিকে থাকতে পারে, এবারও তারা পারবে।’

বিশ্বকাপ শুরু হতে যখন এক সপ্তাহও বাকি নেই, তখন ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হওয়ায় মহা দুশ্চিন্তায় আইসিসি। এমন অবস্থায় আইসিসি জরুরি বৈঠক ডেকেছে বলে ভারত ও পাকিস্তানের সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে। আজ-কালের মধ্যে হতে পারে আইসিসির এই বৈঠক। এদিকে বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে জানা গেছে, টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে পাকিস্তানের পয়েন্ট কেটে নিতে পারে আইসিসি। পাকিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ বাতিল করতে পারে বড় দলগুলো। এ ছাড়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বিদেশি ক্রিকেটারদের অনাপত্তিপত্রের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আসতে পারে। একই খবর জানিয়েছে ক্রিকবাজ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এশিয়া কাপ থেকে বাদ পড়তে পারে পাকিস্তান।

১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের অফিশিয়াল এক্স হ্যান্ডলে জানানো হয়, ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচটি পাকিস্তান বয়কট করবে। ভারত-পাকিস্তান ম্যাচ যেখানে আইসিসির সোনার ডিম পাড়া রাজহাঁস, যে ম্যাচকে ঘিরে এত আয়োজন, সেই ম্যাচ বয়কটের ঘোষণা আসায় এটা নিয়ে আলোচনা চলছে গত দুই দিন ধরে। মাঞ্জরেকারের কাছে এখন ভারত-পাকিস্তান ম্যাচের গুরুত্ব অনেক কমে গেছে। ভারতীয় ধারাভাষ্যকার বলেন, ‘যদি ভারত-পাকিস্তান ম্যাচ না হয়, আমার কাছে কোনো যায় আসে না। সত্যি বলতে দীর্ঘ একটা সময় ধরে দেখছি এবং আপনারাও এটা খেয়াল করেছেন, আসল ম্যাচে তেমন কোনো হাইপ ও নাটকীয়তা দেখা যায় না, যেটা আগে আমরা ভারত-পাকিস্তান ম্যাচে দেখতাম।’

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে রয়েছে নামিবিয়া, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস। ভারত ম্যাচের আগে বিশ্বকাপ শুরুর প্রথম দিন ৭ ফেব্রুয়ারি কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) নেদারল্যান্ডসের বিপক্ষে মুখোমুখি হবে পাকিস্তান। একই মাঠে ১০ ফেব্রুয়ারি সালমান-বাবররা খেলবেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ১৮ ফেব্রুয়ারি কলম্বোর এসএসসিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নামিবিয়া।

পিএসএল অভিষেকে কাঁপিয়ে দেওয়া রিশাদকে ছেড়ে দিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি

‘বিসিবি হয়তো গা বাঁচানোর জন্য এমনটা করেছে’

মোস্তাফিজ-লিটনদের খেলা ফ্রিতে দেখতে পারবে শিক্ষার্থীরা

পাকিস্তানি ক্রিকেটারের আলোচিত সেই ঘটনার পর ক্রিকেটের নিয়ম পরিবর্তনের সুপারিশ

২০৬ ধাপ এগোলেন মারুফা, নাহিদা-স্বর্ণাদেরও উন্নতি

‘পাকিস্তানকে হারানো আর কোনো পুঁচকে দলকে হারানো, ভারতের কাছে সবই এক’

বিশ্বকাপ থেকে বাদ পড়ে আইপিএলের দিকে তাকিয়ে কামিন্স

বিশ্বকাপের আগমুহূর্তে একের পর এক ধাক্কা খাচ্ছে অস্ট্রেলিয়া

ক্রিকেটে এটি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর লড়াইও

কেন পাকিস্তানকে শাস্তি দিতে পারবে না আইসিসি