হোম > খেলা > ক্রিকেট

ইংল্যান্ডকে ‘বিপজ্জনক’ দল হিসেবেই দেখছে ভারত

ক্রীড়া ডেস্ক    

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়েছিল ভারত। আজ মুম্বাইয়ে প্রতিশোধের লড়াইয়ে নামবে ইংল্যান্ড। ছবি: ক্রিকইনফো

আজকের সেমিফাইনালটি যেন দুই সেয়ানের লড়াই! হতে পারে খুঁড়িয়ে খুঁড়িয়ে বিশ্বকাপ শুরু করেছিল ইংল্যান্ড। কিন্তু জয়ের তরিকা খুঁজেই সেমিফাইনালে উঠে এসেছে তারা। ফিরেছে ছন্দে। তাই সেমিফাইনালে ‘ফেবারিট’ ভারতকে সত্যিকারের বিপদে ফেলতে পারে ইংল্যান্ডই।

মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হতে যাওয়া এই সেমিফাইনাল জিতবে যারা, অনেক পণ্ডিত বোদ্ধার চোখে তারাই হবে এই টুর্নামেন্টে সম্ভাব্য চ্যাম্পিয়ন। পরিসংখ্যানও বলছে এ কথা! টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের দুই আসরের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। যারা জিতেছে সেমিফাইনাল, টুর্নামেন্টও জিতেছে তারা!

২০২২ সালে ভারতকে হারিয়েই ফাইনালে উঠেছিল ইংল্যান্ড এবং প্রথমবারের মতো জিতেছিল শিরোপা। পরের ২০২৪ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে প্রতিশোধ নিয়েছিল ভারত এবং টুর্নামেন্ট জিতেছিল। এবার কি ইংল্যান্ডের প্রতিশোধের পালা!

‘প্রতিশোধ’ শব্দটা খেলাধুলায় সেভাবে যায় না। খেলোয়াড়দের মুখেও সচরাচর শোনাও যায় না। তবে সেমিফাইনালে নাকি ইংলিশ ক্রিকেটাররা ভারতকেই চেয়েছিলেন! স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক, ‘আমরা সবাই রোমাঞ্চিত। দলের অনেকেই ভারতের বিপক্ষে খেলতে চাইছিল বলে শুনেছি। সেমিফাইনালে ভারতকেই চাইছিলাম আমরা। দারুণ একটা ম্যাচ হবে।’

আর দলটির তারকা অলরাউন্ডার স্যাম কারান বলছেন ‘নিখুঁত’ ক্রিকেট খেলার কথা। এতটাই নিখুঁত যে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই একই সঙ্গে জ্বলে উঠতে চান তাঁরা। আর তাতেই মুম্বাইয়ে আজ ২০২২ সালের ‘অ্যাডিলেড’ ফেরার আশা কারানের। বললেন, ‘সবাই বলছে, ইংল্যান্ড নিখুঁত ম্যাচ খেলবে কবে। এটা (অ্যাডিলেডের সেমিফাইনাল) আমাদের নিখুঁত ম্যাচ। তাই আমরা যদি সেটার কাছাকাছি যেতে পারি, তাহলে দারুণ ব্যাপার হবে।’ সেই সেমিফাইনালে ভারতের দেওয়া ১৬৯ রানের লক্ষ্য ১০ উইকেট এবং ২৪ বল হাতে রেখেই জিতে গিয়েছিল ইংল্যান্ড।

ওয়াংখেড়েতে শিশির ম্যাচের নিয়ামক হতে পারে, এমনটা ধরেই পরিকল্পনা সাজাচ্ছে ভারত। আগের দিন সংবাদ সম্মেলনে এসে ভারতের পেস বোলিং কোচ মরনে মরকেল বললেন, ‘শিশির সব সময় একটি বড় চিন্তার বিষয়, কিন্তু টস আপনার হাতে নেই।’ নিজেদের নিয়ে মরকেল প্রত্যয়ী হলেও ইংল্যান্ডের কাছে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আশঙ্কা তাঁর, ‘ভয়ডরহীন ক্রিকেট খেলে ইংল্যান্ড, যা প্রতিপক্ষকে সুযোগ দেয়, আবার তাদের বিপজ্জনকও করে তোলে। আমার মনে হয়, আগামীকাল দুটি আক্রমণাত্মক দলের মধ্যে দারুণ লড়াই হবে। যে দল স্নায়ুচাপ ধরে রেখে কন্ডিশন দ্রুত বুঝতে পারবে, তারাই জিতবে।’

এখনো ভারতে আটকা ওয়েস্ট ইন্ডিজ, কাঁদছেন কোচ

‘বাংলাদেশ সিরিজে এমন আজেবাজে সিদ্ধান্ত পাকিস্তান বোর্ড কীভাবে নিল’

রেকর্ড সেঞ্চুরি গড়া নিউজিল্যান্ডের ক্রিকেটারের ব্যাটিংয়ে হতভম্ব শচীন

‘দক্ষিণ আফ্রিকার গালে কষে থাপ্পড় মেরেছে নিউজিল্যান্ড’

১৯ বছরের চেষ্টায় দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড

অবশেষে ভারত থেকে বের হতে পারছে জিম্বাবুয়ে

অতিরিক্ত গতিতে বাইক চালানোর শাস্তি পেলেন ধোনি

বাবর বাদ, ছয় নতুন মুখ নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান

অভিষেকের সিংহাসন দখলের আরও কাছে পাকিস্তানি ক্রিকেটার

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ভারতকে গাভাস্কারের সতর্কবার্তা