হোম > খেলা > ক্রিকেট

মালয়েশিয়া ম্যাচের আগে বাংলাদেশের বড় দুঃসংবাদ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মালয়েশিয়া ম্যাচের আগে ধাক্কা খেল বাংলাদেশ। ছবি: এএফপি

বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ শুরু হতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। এমন সময়ে বড় দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমস থেকে ছিটকে গেছেন নাজমুল হোসেন শান্ত।

মালয়েশিয়া ম্যাাচের আগের দিন শান্ত অসুস্থ হয়ে পড়েছেন বলে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বাংলাদেশ দলের চিকিৎসক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিওথেরাপিস্ট এবং স্থানীয় মেডিকেল টিম পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে এশিয়ান গেমস থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাপান থেকে আগামীকাল প্রথম ফ্লাইটেই শান্ত দেশে ফিরবেন বলে নিশ্চিত করেছে বিওএ। নিশিনের কোরোগি স্পোর্টস ক্লাবে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলতে নামবে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে একবারই বাংলাদেশ-মালয়েশিয়া মুখোমুখি হয়েছে। ২০২৩ এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে ২ রানে হারিয়েছিল বাংলাদেশ।

ছেলেদের এশিয়ান গেমস, মেয়েদের এশিয়ান গেমস ক্রিকেট—সব ম্যাচ হয়েছে নিশিনের কোরোগি স্পোর্টস ক্লাবে। একই মাঠে সব ম্যাচ হওয়ার ফলে উইকেটের ওপর চাপ পড়ে। স্কোরবোর্ডে টি-টোয়েন্টির মান অনুযায়ী রান উঠছে না। লিটনের মতে উইকেট বোলিংবান্ধবই হবে। পেসার শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমানদের সঙ্গে স্পিন বোলিং ডিপার্টমেন্টও শক্তিশালী। লেগস্পিনার রিশাদ হোসেন, বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের সঙ্গে স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান আছেন স্পিন বোলিং লাইনআপে।

ব্যাটিং লাইন আপে লিটনের সঙ্গে তানজিদ হাসান তামিম, সাইফ হাসানরা আছেন। মালয়েশিয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘আমার কাছে মনে হয় উইকেটটা বোলারদের উপযোগী হবে। চেষ্টা করব যে দলের সেরা বোলারদের খেলাতে। ৫ বোলার, ৬ ব্যাটার থাকবে।’

২০১০ এশিয়ান গেমসে স্বর্ণপদক জেতে বাংলাদেশ। পরের ১৬ বছরে সাফল্য কেবল ২০২৩ এশিয়ান গেমসে ব্রোঞ্জ জয়। এদিকে শান্তর এশিয়ান গেমস শেষ হয়ে গেছে। সোনা জয়ের প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে লিটন সংবাদমাধ্যমকে বলেন, ‘দেশ ছাড়ার আগে আমি একটা কথা বলেছিলাম যে আমাদের প্রথম টার্গেট হচ্ছে ফাইনালে যাওয়া। সোনা পাব কিনা সেটা পরের বিষয়। তবে আগামীকাল যে ম্যাচটা আছে, সেটা অনেক গুরুত্বপূর্ণ।’

র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকাতেই স্ব স্ব ম্যাচ পরিত্যক্ত হলেও ভারত-পাকিস্তান সেমিফাইনালে উঠেছে। ২৬৯ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে ভারত। ৬, ১০ ও ২৪ নম্বরে থাকা পাকিস্তান, আফগানিস্তান ও হংকংয়ের রেটিং পয়েন্ট ২৪০, ২১৮ ও ১৩০। আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে শ্রীলঙ্কা-নেপাল কোয়ার্টার ফাইনাল। বাংলাদেশ-মালয়েশিয়া শেষ আটের ম্যাচ শুরু হচ্ছে আরও পরে।