হোম > খেলা > ক্রিকেট

দক্ষিণ আফ্রিকাকে ঘায়েল করতে বাংলাদেশের ‘স্পেশাল প্ল্যান’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এবার দক্ষিণ আফ্রিকার মাঠে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। ছবি: বিসিবি

দুঃসময় কাটিয়ে সুসময় ফিরেছিল বাংলাদেশ ক্রিকেট দলে। টানা চারটি ওয়ানডে সিরিজ জয়, ডারউইনে ঐতিহাসিক জয়, পাকিস্তানকে ঘরের মাঠে টেস্ট সিরিজে ধবলধোলাই। তবে এসব কেবল সাময়িক। আবার ব্যর্থতার চোরাবালিতে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। এবার দক্ষিণ আফ্রিকা সফরে বিশেষ এক পরিকল্পনা নিয়ে মাঠে নামছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ।

ডারউইনে ঐতিহাসিক জয়ের পর তিন সংস্করণ মিলে সাত ম্যাচ খেললেও বাংলাদেশ জেতেনি কোনো ম্যাচ। যেখানে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষের এক সপ্তাহের মধ্যেই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে। শান্ত-মেহেদী হাসান মিরাজদের এবারের সিরিজ দক্ষিণ আফ্রিকার মাঠে। এই দক্ষিণ আফ্রিকায় সবশেষ ২০২২ সালে সফর করেছে বাংলাদেশ।

আগামীকাল জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে শুরু হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজ। ক্রিকেটের রাজকীয় সংস্করণে মাঠে নামার আগে নেটে বোলিং করতে দেখা গেছে মুমিনুল হক-তাওহীদ হৃদয়কে। যেটা নজরে এসে অনেকেরই। শান্ত সংবাদ সম্মেলনে এলে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘মুমিনুল ভাইকে এই বার্তা কয়েক বছর আগেই দেওয়া হয়েছে যেন তিনি নেটে বোলিং করেন। এর আগে যে কন্ডিশনে আমরা খেলেছি, এই দুই ভেন্যু তার চেয়ে ভিন্ন। তাই একটু ভিন্ন বোলিং আক্রমণ নিয়ে আমরা যাব। পাশাপাশি হৃদয়ের বোলিংও গুরুত্বপূর্ণ।’

৮২ টেস্ট খেলে ৫৯ ইনিংসে বোলিং করে ১১ উইকেট পেয়েছেন মুমিনুল। সবশেষ তিনি আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টেও দেখিয়েছেন তাঁর বাঁ হাতের ঘূর্ণি। যদিও কোনো উইকেট তিনি পাননি। পরিসংখ্যানেই বোঝা যাচ্ছে, তেমন একটা বল হাতে ঘুরান না তিনি। তবে অনেক সময় খণ্ডকালীন বোলারদের একটা স্পেলই যে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, সেটা জানা আছে শান্তরও। আজ জোহানেসবার্গে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘টেস্ট বা ওয়ানডে বলুন, আমাদের দলে খুব বেশি বোলিং হয় না। ব্যাটাররা যেন নেটে বোলিং করি, এটাই পরিকল্পনা।’

টুকটাক বোলিং শান্তও করেন। তবে খণ্ডকালীন বোলার দিয়ে তো প্রতিপক্ষকে সব সময় ঘায়েল করা যায় না। কন্ডিশনের কথা চিন্তা করে তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী—এই পাঁচ পেসার নিয়ে দক্ষিণ আফ্রিকায় গেছে বাংলাদেশ। স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সঙ্গে স্বীকৃত স্পিনার তাইজুল ইসলাম। বোলিং কম্বিনেশন কেমন হবে—এই প্রসঙ্গে শান্ত আজ বলেন, ‘তিন পেসার তো অবশ্যই থাকবে। এতটুকু বলতে পারি। সঙ্গে এক স্পিনারও তো থাকা উচিত। স্পিনাররাও ভালো অবদান রাখছে। অস্ট্রেলিয়ায় যেভাবে বোলিং করেছে, বিশেষ করে মিরাজ। আমার মনে হয় এই কম্বিনেশনে আমরা যেতে পারি। তারপরও আরও একদিন যেহেতু সময় আছে, সকালে এসে আরেকবার উইকেট দেখে সিদ্ধান্ত নেব।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত ৯ নভেম্বর দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণায় সবচেয়ে বড় চমক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেখিয়েছে মাহফিজুল ইসলাম রবিনকে নিয়ে। তিনি এই প্রথম বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন। নাঈম শেখেরটাও কোনো অংশে চমক নয়। ২০২২ সালে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টটাই ক্রিকেটের রাজকীয় সংস্করণে নাঈমের একমাত্র ম্যাচ।

রবিন নাকি নাঈম শেখ—একাদশে কাকে খেলানো হবে, এই প্রশ্নের জবাব শান্ত দিয়েছেন একটু কৌশলে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘রবিন যে শুধু ডানহাতি বলেই দলে এসেছে এমন কিছু না। পাশাপাশি সে যেভাবে পারফর্ম করেছে, তার দলে আসাটা প্রাপ্য। সঙ্গে নাঈম শেখও এসেছে। সেও ভালো করছে। দুজনই ফর্মে আছে। আমরা জানি, কাকে খেলাব। তবে এটা আমাদের মধ্যেই থাক।’

১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টের ভেন্যু সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্ক। ২৩ নভেম্বর মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। এই টেস্ট সিরিজ ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।