জিম্বাবুয়ে সফরে ব্যাটিং ব্যর্থতা গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। বাজে ব্যাটিংয়ে টেস্টে ইনিংস হারের পর ওয়ানডে সিরিজও হাতছাড়া করেছে মেহেদী হাসান মিরাজের দল। সিরিজ হারের পর এবার শাস্তিও পেল সফরকারীরা।
২৫ রানের হারে ওয়ানডে সিরিজ শুরু করে বাংলাদেশ। সিরিজে টিকে থাকার জন্য দ্বিতীয় ম্যাচে জিততেই হতো তাদের। কিন্তু এ যাত্রায়ও ভাগ্য বদলায়নি বাংলাদেশের। ১৩ রানের হারে সিরিজ হেরে যায়। সে ম্যাচে ধরীগতির বোলিংয়ের কারণে জরিমানা গুনতে হলো বাংলাদেশকে।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাট করে ২৪৭ রান তোলে জিম্বাবুয়ে। জবাবে বাংলাদেশের ইনিংস থেমেছে ২৩৪ রানে। এ দিন নির্ধারিত সময়ে ওভার শেষ করতে পারেনি অতিথিরা। এ জন্য দলটির ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
আইসিসি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম বোলিং করেছে বাংলাদেশ। এমিরেটস আইসিসি আন্তর্জাতিক ম্যাচ রেফারি প্যানেলের সদস্য ডেভিড গিলবার্ট মিরাজদের এই শাস্তি দিয়েছেন।
আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড় সহায়তা কর্মীদের আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, ধীরগতির ওভার রেটের ক্ষেত্রে নির্ধারিত সময়ে প্রতি ওভার কম করার জন্য দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। সেই হিসাবে দুই ওভার কম করায় বাংলাদেশ দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অভিযোগ স্বীকার করে নিয়েছেন এবং আইসিসির দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। তাই আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। মাঠের আম্পায়ার আল্লাহউদ্দিন পালেকার ও আইকনো চাবি, তৃতীয় আম্পায়ার পারসিভাল সিজারা এবং চতুর্থ আম্পায়ার ফর্স্টার মুতিৎজওয়া বাংলাদেশের বিরুদ্ধে এই অভিযোগ করেন।