হোম > খেলা > ক্রিকেট

এশিয়া কাপে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জ্যোতিদের এশিয়া কাপ মিশন শুরু হচ্ছে আজ। ফাইল ছবি

সিঙ্গেল নিলে ম্যাচ সুপার ওভারে, আর দুই রান হলেই চ্যাম্পিয়ন বাংলাদেশ। এমন সমীকরণে হারমানপ্রীত কৌরকে লং অফে ঠেলে ডাইভ দিয়ে জাহানারা আলম দুই রান নেওয়ার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েছিল বাংলাদেশ দল। প্রথমবার কোনো বড় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার সেই আনন্দ ছড়িয়ে পড়েছিল কুয়ালালামপুর থেকে বাংলাদেশেও। তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজরাও মেতে উঠেছিলেন উদ্‌যাপনে।

তবে ২০১৮ সালের সেই ঐতিহাসিক এশিয়া কাপ জয়ের পর আর ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। ২০২২ সালে ঘরের মাঠে হওয়া এশিয়া কাপে সেমিফাইনালেও উঠতে পারেনি তারা। ২০২৪ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আসরে শেষ চারে উঠলেও ভারতের কাছে হেরে বিদায় নেয় বাংলাদেশ।

এবার সংযুক্ত আরব আমিরাতে পুরোনো সাফল্য ফেরানোর লক্ষ্য নিগার সুলতানা জ্যোতিদের। দুবাইয়ে আজ ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান। চলতি বছরে এখন পর্যন্ত ১৯টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। জিতেছে ১১টি, হেরেছে ৮টি। জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছিল তারা।

ফর্ম খুব একটা স্বস্তি না দিলেও আজকের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া হওয়ায় বাড়তি আত্মবিশ্বাস থাকবে বাংলাদেশের। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১০ নম্বরে, ইন্দোনেশিয়া ২২ নম্বরে। কাগজ-কলমে শক্তির ব্যবধানও পরিষ্কার। তবে এশিয়া কাপের মতো মঞ্চে সাম্প্রতিক ব্যর্থতার চাপ সামলে শুরুটা ভালো করাই বাংলাদেশের বড় চ্যালেঞ্জ। জ্যোতির নেতৃত্বে দলটি আত্মবিশ্বাস ফিরিয়ে এনে এবার শেষ পর্যন্ত শিরোপার লড়াইয়ে থাকতে চায়। সেটাই লক্ষ্য।