হোম > খেলা > ক্রিকেট

অস্ট্রেলিয়ার সেই কেলেঙ্কারির ঘটনায় খাজাকে একহাত নিলেন স্টার্ক

ক্রীড়া ডেস্ক    

উসমান খাজার আত্মজীবনীমূলক বই নিয়ে কথা বলেছেন মিচেল স্টার্ক। ছবি: সংগৃহীত

স্যান্ডপেপার গেট কেলেঙ্কারির ঘটনা ৮ বছরের পুরোনো হলেও গত কদিন ধরে এটা নিয়ে বেশ চর্চা হচ্ছে। ২০১৮ সালে কেপটাউন টেস্টের বল টেম্পারিং কাণ্ড নিয়ে আলোচনা মূলত উসমান খাজার আত্মজীবনীমূলক বই ‘সবর’। এবার মিচেল স্টার্ক পাল্টা তোপ দাগলেন খাজার দিকে।

খাজার ঘনিষ্ট বন্ধু ডেভিড ওয়ার্নারও স্যান্ডপেপার গেট কেলেঙ্কারি নিয়ে সবর বইয়ের বক্তব্যকে সমর্থন করেছেন। আজ আত্মজীবনীমূলক বইয়ে তিনি জানিয়েছেন, শুধু ২০১৮ সালে কেপটাউনের নিউল্যান্ডস টেস্টেই নয়। অন্যান্য টেস্টেও বল টেম্পারিংয়ের ঘটনা ঘটেছিল। এমনকি অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা শিরিষ কাগজ নিয়ে গিয়েছিলেন বলে দাবি তাঁর। যেহেতু কেপটাউন টেস্টের একাদশে ছিলেন, ঘটনাটা প্রত্যক্ষ করার সুযোগ হয়েছিল খাজার।

স্টার্ক জানিয়েছেন, ২০২১ সালে বোলারদের দেওয়া যৌথ বিবৃতির পর থেকে তাঁর তেমন কিছুই মনে নেই। যেখানে পাঁচ বছর আগের সেই বিবৃতিতে তাঁর পাশাপাশি স্বাক্ষর করেছিলেন প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও নাথান লায়ন। ক্যামেরন ব্যানক্রফটের সেই সাক্ষাৎকারের পর বিবৃতিটি দেওয়া হয়েছিল, যেখানে ব্যানক্রফট দাবি করেছিলেন, বোলারদের বিষয়টি (২০১৮ কেপটাউন টেস্টের কেলেঙ্কারি) স্বাভাবিকভাবেই জানার কথা। তখন স্টার্ক দাবি করেছিলেন, কিছুই জানা নেই তাঁর।

খাজার বইটি পড়বেন না বলে ইঙ্গিত দিয়েছেন স্টার্ক। এমনকি ভবিষ্যতেও খাজার সঙ্গে তাঁর (স্টার্ক) সম্পর্ক কতটা ভালো থাকবে, সে ব্যাপারেও সন্দিহান। তবে পুরো দল কি এই পরিকল্পনা (২০১৮ কেপটাউন টেস্ট) কথা জানত—এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে স্টার্ক ইঙ্গিত করেছেন খাজার দিকে। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার বলেন,

‘সেটা তো একটা বইয়ে লেখা হয়েছে। বিষয়টি আরও ভালোভাবে ব্যাখ্যা করার দায়িত্ব সংশ্লিষ্ট ব্যক্তির। ২০২১ সালে আমাদের বিবৃতিতে যেমন বলা হয়েছিল, মাঠে কিছু নিয়ে যাওয়া হচ্ছে—এ বিষয়ে আমরা কিছুই জানতাম না। কেপটাউনে বড় পর্দায় দেখেই আমরা বিষয়টি জানতে পেরেছিলাম।’

২০১৮ সালে অনুষ্ঠিত কেপটাউন টেস্ট ছিল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজের তৃতীয় টেস্ট। তবে খাজার দাবি, সেবার পোর্ট এলিজাবেথে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টেও হয়েছিল বল টেম্পারিংয়ের মতো ঘটনা। আসলে কী এমন কিছু ঘটেছিল—এটার ব্যাখ্যা দিতে গিয়ে স্টার্ক সেটা ছেড়ে দিলেন খাজার ওপর। স্টার্ক বলেন, ‘কেপটাউনেই প্রথম আমি এ ধরনের কোনো ঘটনা সম্পর্কে জানতে পেরেছিলাম... এ বিষয়ে বইয়ের লেখককেই ব্যাখ্যা দিতে বলব। পাঁচ বছর আগে যা বলেছি, আট বছর আগে ঘটনার সময় যা বলেছি, সেটাই বজায় রাখব। স্পষ্টতই, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য আসছে। আমি বিষয়টি সেখানেই রেখে দিতে চাই, যেখানে আগে রেখেছিলাম।’

আট বছর আগের কেপটাউন টেস্টের কেলেঙ্কারির সময় স্মিথ ছিলেন অধিনায়ক। এই ঘটনা নিয়ে বন্ধু ওয়ার্নারকে সবকিছু আগেই জানিয়েছিলেন বলে দাবি করেন খাজা। তবে আত্মজীবনীমূলক বই লিখে টাকা উপার্জন করেছেন বলে দাবি অনেকের। যদিও অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার সেটা নাকচ করে দিয়েছেন।