হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানকে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দিল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে পারে বাংলাদেশ-পাকিস্তান। ছবি: ক্রিকইনফো

ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনো প্রায় এক বছর বাকি। তবে বৈশ্বিক এই ইভেন্ট সামনে রেখে দলগুলো এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে। বাংলাদেশ-পাকিস্তানও এর ব্যতিক্রম নয়। বিশ্বকাপের আগে বাংলাদেশ-পাকিস্তানসহ আরেক দল বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ খেলতে পারে বলে জানা গেছে।

পাকিস্তানকে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকেই নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। পিসিবির অফিশিয়াল এক্স হ্যান্ডলে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে বাংলাদেশ এরই মধ্যে একটি ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব দিয়েছে। সেটা বাংলাদেশের মাঠেই হবে। আমরাও সেটা চূড়ান্ত করব।’ যদিও তৃতীয় দল কোনটা, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রাওয়ালপিন্ডিতে আজ চার দিনেই শেষ হয়েছে পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্ট। শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে পাকিস্তান। এই টেস্ট দিয়েই শ্রীলঙ্কার দীর্ঘ দেড় মাসের পাকিস্তান সফর শেষ হয়েছে। আজ শ্রীলঙ্কা ক্রিকেট দলের প্রধান কোচ গ্যারি কারস্টেন, শ্রীলঙ্কার টিম ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদা, পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন, দলের ম্যানেজার নাভিদ আকরাম চিমার সঙ্গে এক সভায় বসেছেন নাকভি। সভায় শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি) প্রশংসায় ভাসিয়েছেন পিসিবি চেয়ারম্যান।

পরবর্তী ভবিষ্যৎ সফরসূচিতে (এফটিপি) শ্রীলঙ্কার সঙ্গে আরও বেশি ক্রিকেট খেলার ব্যাপারে পিসিবির আগ্রহ রয়েছে বলে উল্লেখ করেন নাকভি। পিসিবির ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা আগামী তিন বছরের জন্য এফটিপি চূড়ান্ত করছি। শ্রীলঙ্কার সঙ্গে আরও বেশি ক্রিকেট খেলতে অত্যন্ত আগ্রহী। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো। অদূর ভবিষ্যতে আমরা দারুণ কিছু ক্রিকেট দেখতে পাব বলে আশা করছি।’

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সিরিজই খেলেছে পাকিস্তান। যার মধ্যে ওয়ানডে সিরিজটা ছিল ত্রিদেশীয়। অপর দল ইংল্যান্ড ফাইনালের আগেই ছিটকে গিয়েছিল। শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। পাশাপাশি টেস্ট, টি-টোয়েন্টি সিরিজও জিতেছে পাকিস্তান। দেড় মাসের এই সিরিজে আরাফাত মিনহাস, তৈয়ব আরিফ, সাকিব খান, মোহাম্মদ তাহার মতো তরুণরা কাঁপিয়েছেন। যাঁদের মধ্যে মিনহাস ত্রিদেশীয় সিরিজে ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার পেয়েছেন। আরিফ, তাহা, মিনহাস টেস্ট অভিষেকে করেছেন ফিফটিও।

দেড় মাসের সিরিজ শেষে পাকিস্তানের ক্রিকেটার ও দলে থাকা অন্যান্য সদস্যদের অভিনন্দন জানিয়েছেন নাকভি। পিসিবি চেয়ারম্যান বলেন,

‘সব তরুণ ক্রিকেটার ও দলের সদস্যদের অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনগুলোতেও তারা এ ধরনের পারফরম্যান্স অব্যাহত রাখবে বলে আশা করছি।’ আগামী বছরের অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়ার যৌথ আয়োজনে হবে ওয়ানডে বিশ্বকাপ।