হোম > খেলা > ক্রিকেট

হঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীন

ক্রীড়া ডেস্ক    

২০১১ ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন শচীন টেন্ডুলকার। ছবি: সংগৃহীত

ঘড়ির কাঁটা ঘুরিয়ে ১৪ বছর আগে চলে যাওয়া যাক। মিরপুরে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করার পর আকাশের দিকে তাকিয়ে ব্যাটটা উঁচিয়ে ধরেছিলেন শচীন টেন্ডুলকার। আন্তর্জাতিক ক্যারিয়ারের শততম সেঞ্চুরি হওয়ায় বাংলাদেশ তাঁর স্মৃতিতে বিশেষভাবে জায়গা করে নেওয়ারই কথা। তবে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার ২০১২ এশিয়া কাপের সেই তিন অঙ্ক ছোঁয়ার কারণে এবার বাংলাদেশকে স্মরণ করেননি।

মহেন্দ্র সিং ধোনির আইপিএল থেকে অবসরের কারণে শচীন বাংলাদেশের প্রসঙ্গ টেনেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০ সেঞ্চুরি করা এই ক্রিকেটার এবার আরও পিছিয়ে গেলেন। ২০০৪ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয়েছিল ধোনির। দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারের ইতিটা হয়েছে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ দিয়ে। গতকাল ধোনির সঙ্গে একটা ছবি নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে পোস্ট করে ক্যাপশনে শচীন লিখেছেন, ‘আমার এখনো মনে আছে, বাংলাদেশে ধোনির ব্যাটিং দেখে সৌরভকে বলেছিলাম—তার পাওয়ার হিটিংয়ে বিশেষ কিছু রয়েছে। তার মধ্যে বিরল প্রতিভা স্পষ্ট হয়ে উঠেছিল।’

চেন্নাই সুপার কিংস গত পরশু এক্সে এক পোস্টে জানিয়েছে, আইপিএল থেকে অবসর নিয়ে ফ্র্যাঞ্চাইজিটির টিম মেন্টরের দায়িত্ব নিচ্ছেন ধোনি। তাতে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটারের পেশাদার ক্রিকেটারের আনুষ্ঠানিক ইতিই ঘটে গেল। কারণ, ২০২০ সালে সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন ধোনি। তাঁর দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের একটা অংশ জুড়ে আছেন শচীনও। ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জিতে শচীন তাঁর বিশ্বকাপখরা ঘুচিয়েছিলেন ধোনির নেতৃত্বেই।

২০০৪ সালে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে ভারতের জার্সিতে যে ধোনির পথচলা শুরু হয়েছিল, সেই ধোনি পরবর্তীতে হয়ে ওঠেন ‘ট্রফি-কালেক্টর’। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ, ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফি—ধোনির নেতৃত্বে তিনটি আইসিসি ইভেন্টের শিরোপা জেতে ভারত। এমনকি তাঁর নেতৃত্বে পাঁচটি আইপিএলও জেতে চেন্নাই সুপার কিংস। ধোনির পেশাদার ক্রিকেট থেকে অবসরের পর শচীন লিখেছেন, ‘তার যাত্রা কী অসাধারণ ছিল। তোমার সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা, ভারতীয় ক্রিকেটের কিছু স্মরণীয় মুহূর্তের অংশ হতে পারাটা সত্যিই আনন্দের ছিল। আমি সব সময় বিশ্বাস করতাম, তুমি বিশেষ কিছু করবে। আর শেষ পর্যন্ত তুমি প্রত্যাশার চেয়েও অনেক বেশি অর্জন করেছ। ভারতীয় ক্রিকেটকে নিজের সেরাটা দিয়েছ। তোমার সঙ্গে এই দীর্ঘ যাত্রার অংশ হতে পারাটা সত্যিই দারুণ ছিল। অসাধারণ খেলেছ, এমএস।’

আইপিএল ইতিহাসে সর্বোচ্চ পাঁচবার করে শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংস। যেখানে চেন্নাইয়ের হয়ে ২৪৮ ম্যাচ খেলা ধোনি রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে ৩০ ম্যাচ খেলেছেন। যেহেতু ফিক্সিংয়ের কারণে চেন্নাই ২ বছর নিষিদ্ধ ছিল, সেকারণে ২০১৬, ২০১৭ সালে তাঁর দল ছিল রাইজিং পুনে সুপারজায়ান্টস। ২৭৮ ম্যাচে ৩৮.৩ গড় ও ১৩৭.৪৫ স্ট্রাইকরেটে করেন ৫৪৩৯ রান। সেঞ্চুরি না করতে পারলেও ২৪ ফিফটি করেছেন।