স্বীকৃত টি-টোয়েন্টি সেঞ্চুরির দীর্ঘ অপেক্ষা ফুরিয়েছে বাবর আজমের। ৭৮৩ দিন এবং ৬৭ ইনিংস পর এই সংস্করণে সেঞ্চুরির দেখা পেয়েছেন তারকা ব্যাটার। তাতেই বিরাট কোহলি এবং ক্রিস গেইলকে পেছনে ফেলেছেন তিনি।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) জয়রথ ছুটছে পেশোয়ার জালমির। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে নিজেদের সপ্তম জয় তুলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। গতকাল কোয়েটাকে ১১৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে জালমি। তাদের করা ২৫৫ রানের জবাবে ১৩৭ রানে অলআউট হয় কোয়েটা। জালমির ইনিংস বাবরের অবদান ১০০ রান। ৬ চার এবং ৪ ছক্কায় সাজানো তাঁর ৫২ বলের ইনিংস। এই ইনিংস খেলার পথে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম (৩৩৮ ইনিংস) ব্যাটার হিসেবে ১২ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন বাবর।
এত দিন এই রেকর্ডটা ছিল গেইলের দখলে। ১২০০০ রান করতে ৩৪৪ ইনিংস ব্যাট করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই তারকা ক্রিকেটার। কোহলি এই মাইলফলকে পৌঁছান ৩৬০ ইনিংসে।
পিএসএলের ইতিহাসে এটা বাবরের তৃতীয় সেঞ্চুরি; সব মিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে ১২ তম। সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় দুইয়ে অবস্থান করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। তালিকার শীর্ষে আছেন গেইল; ২২টি সেঞ্চুরি তাঁর নামের পাশে।
বাবর ছাড়াও জালমির ইনিংসে অবদান রাখেন কুশল মেন্ডিস। ৪৪ বলে ৮৩ রান এনে দেন এই লঙ্কান ব্যাটার। ম্যাচ শেষে তাঁর প্রশংসা করেছেন বাবর, ‘এমন একটি মাইলফলক স্পর্শ করা সত্যিই দারুণ অনুভূতি। তবে শেষটা ছিল কিছুটা রোলার কোস্টারের মতো। আমি যখন ডাইভ দিয়েছিলাম, সত্যিই মনে হয়েছিল ক্রিজের আগে পৌঁছাতে পারিনি। পরে আমার পার্টনার বলার পর বুঝতে পারি আমি সেঞ্চুরি করেছি—তখনই আসল অনুভূতিটা আসে।’
বাবর আরও যোগ করেন, ‘মাঠে নিয়মিত যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ। আমি আর মেন্ডিস সব সময় উইকেটের আচরণ বুঝে ঠিক করার চেষ্টা করেছি, কী হলে ভালো স্কোর দাঁড়াবে। জুটির শুরুতে মেন্ডিস দারুণভাবে বল মারছিল, তাই আমার লক্ষ্য ছিল তাকে বেশি স্ট্রাইক দেওয়া। সে আউট হওয়ার পর বুঝতে পারি আমাকে গতি বাড়াতে হবে এবং রান করার দায়িত্ব নিতে হবে, যাতে তার তৈরি করা মোমেন্টাম বজায় থাকে।’