হোম > খেলা > ক্রিকেট

বিস্ফোরক ডাবল সেঞ্চুরির টোটকা কার কাছ থেকে পেলেন সূর্যবংশী

ক্রীড়া ডেস্ক    

রেকর্ড গড়া ৫৩ বলে ২০৪ রানের ইনিংস খেলছেন বৈভব সূর্যবংশী। ছবি: ক্রিকইনফো

২৮ ছক্কা ও ৭ চার! শুধু বাউন্ডারি থেকেই এসেছে ১৯৬ রান। এককথায় অবিশ্বাস্য! কাতারের দোহায় গতকাল দানবীয় এক ইনিংস খেলার পর ক্রিকেটবিশ্বে এখন আলোচনার কেন্দ্রে বৈভব সূর্যবংশী। রেকর্ড গড়া ৫৩ বলে ২০৪ রানের ইনিংস খেলার রহস্য নিজেই জানিয়েছে এই তরুণ ব্যাটার।

দোহায় গতকাল রাইজিং স্টার্স এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫২ বলে ২০৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন। ভারত ‘এ’ দলের হয়ে খেলে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি। ভেঙেছেন দ্রুততম সেঞ্চুরি ও দেড় শ রানের রেকর্ডও। এর আগে দ্রুততম দেড় শ রানের রেকর্ডটিও ছিল তাঁর দখলে। এই ইনিংসে তাঁর স্ট্রাইক রেট ছিল ৩৮৪.৯০, যা লিস্ট ‘এ’ ক্রিকেটে সেঞ্চুরি করা কোনো ব্যাটারের সর্বোচ্চ। এ ছাড়া এক ইনিংসে ২৮টি ছক্কা মেরেও গড়েছেন নতুন রেকর্ড।

তবে এমন অবিশ্বাস্য ইনিংস খেলার আগে সময়টা মোটেও ভালো যাচ্ছিল না সূর্যবংশীর। টানা কয়েকটি ম্যাচে রান পাচ্ছিলেন না তিনি। সেই রানখরা কাটাতে নিজের আদর্শ যুবরাজ সিংয়ের পরামর্শ নেন এই তরুণ। ভারতের সাবেক অলরাউন্ডারই সূর্যবংশীর ‘আইডল’। বিসিসিআইয়ের ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের প্রস্তুতি ও যুবরাজের সঙ্গে আলাপচারিতা নিয়ে কথা বলেছেন সূর্যবংশী, ‘ম্যাচের আগে মাত্র চারজনের সঙ্গে কথা বলেছিলাম। অবশ্যই প্রতিবারের মতো বাবার সঙ্গে কথা হয়েছে। এরপর আমার ছোটবেলার কোচ মনীশ ওঝা। আর আমার এক বন্ধু, যে অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকে আমার সঙ্গে আছে। তার নাম প্রথম জাচক। চতুর্থজন যুবরাজ স্যার। তাঁর সঙ্গে প্রায় আধা ঘণ্টা কথা বলেছি।’

ম্যাচের পরিস্থিতি বুঝে ইনিংস খেলতে জানতেন যুবরাজ। কখনো ধরে খেলতেন, আবার রান তোলার প্রয়োজন হলে বিস্ফোরক ব্যাটিং করতেন তিনি। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০১১ ওয়ানডে বিশ্বকাপও জিতেছেন তিনি। যার মধ্যে ২০১১ বিশ্বকাপে পেয়েছেন ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার। তবে সূর্যবংশী যে ভিডিও গেমসের মতো খেলতে পছন্দ করেন, সেটা আইপিএল, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, রাইজিং স্টার্স এশিয়া কাপে প্রমাণ দিয়েছেন।

উইকেটে টিকে থেকে কীভাবে বিস্ফোরক ব্যাটিং করা যায়, সেটাই সূর্যবংশী শিখেছেন যুবরাজের কাছ থেকে। গতকাল আরব আমিরাতের বিপক্ষে বিস্ফোরক ডাবল সেঞ্চুরির পর সূর্যবংশী বলেন, ‘‘তিনি আমার ব্যাটিংয়ের অনেক বিষয় বুঝিয়ে দিয়েছেন। আমি খুব চিন্তিত ছিলাম বলে তাঁর সঙ্গে খোলামেলাভাবে কথা বলেছি। বলেছি, ব্যাটিংয়ে নামার সময় এই সমস্যাগুলো হচ্ছে। তিনি প্রায় আধা ঘণ্টা ধরে সবকিছু বুঝিয়েছেন। বিশেষ করে বলেছেন, ‘তুমি যদি ২০ বল খেলতে পারো, তাহলে দলের স্কোর অন্য রকম হবে।’ ব্যাটিংয়ের অনেক টেকনিক্যাল বিষয়ও বলেছেন। সবকিছুই আমাকে অনেক সাহায্য করেছে।’’

যে যুবরাজকে আদর্শ মানেন সূর্যবংশী, তাঁর (যুবরাজ) কাছ থেকে প্রায়ই টিপস নেন ভারতের তরুণ ওপেনার। ২০১১ ওয়ানডে বিশ্বকাপজয়ী অলরাউন্ডারের পরামর্শ মেনে নেওয়ার চেষ্টা করেন সূর্যবংশী, ‘তিনি আমার আদর্শ। নিজের আদর্শের সঙ্গে কথা বললে তাঁর কথা মনোযোগ দিয়ে শোনা উচিত। আমিও সেভাবেই শুনেছি। তিনি আমার ব্যাটিং নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও নির্দিষ্ট পরামর্শ দিয়েছেন। এরপর ফিরে নিজের ব্যাটিংয়ের ভিডিও দেখেছি। বুঝতে পেরেছিলাম, কোথায় ভুল করছিলাম। আগের দিন সেই ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করেছি। তিনি যা বলেছিলেন, সেভাবেই খেলার চেষ্টা করেছি। এতে অনেক উপকার হয়েছে।’

৫২ বলে ডাবল সেঞ্চুরি করে মাত্র ২ বছরের মধ্যেই লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েছেন সূর্যবংশী। এর আগে ১০৩ বলে এই কীর্তি গড়েছিলেন নিউজিল্যান্ডের ব্যাটার চ্যাড বোয়েস। ক্রাইস্টচার্চে ওটাগোর বিপক্ষে ক্যান্টারবারির হয়ে ২০২৪ সালে ১০৩ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন। আর গতকাল সূর্যবংশীর ৫৩ বলে ২০৪ রানের ইনিংসে ভারত ৮৬ বলেই জিতে গেছে। আমিরাতের দেওয়া ২৫০ রানের লক্ষ্য তাড়া করে ১৪.২ ওভারে ৩ উইকেটে ২৫৪ রান করে ফেলে ভারত। আগামীকাল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ভারত ‘এ’ দল।