হোম > খেলা > ক্রিকেট

ঐতিহাসিক টি-টোয়েন্টির অপেক্ষায় ভারত-জাপান

ক্রীড়া ডেস্ক    

প্রথমবার মুখোমুখি হবে এশিয়ার এই দুই দল। ছবি: সংগৃহীত

কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে নিজেদের মধ্যে ক্রিকেট ম্যাচ খেলবে ভারত ও জাপান। আগামী ২২ সেপ্টেম্বর জাপানের সানো আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে একমাত্র টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে এই দুই দেশ। দুই দেশের পুরুষ ক্রিকেট দলের এটিই হতে যাচ্ছে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।

শুধু দুই দলের মাঠের লড়াই নয়, জাপানে ক্রিকেটের প্রসারেও এই ম্যাচটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ‘স্পোর্ট ৭৫’ উদ্যোগের প্রথম ধাপ হিসেবে ম্যাচটি আয়োজন করা হচ্ছে। এই ম্যাচটি নিয়ে আলোচনা শুরু করেছিলেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ম্যাচটি ভারতের জন্যও বিশেষ কিছুই হতে যাচ্ছে। জাপান হবে টি-টোয়েন্টিতে ভারতের ২০তম প্রতিপক্ষ। বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া মনে করেন, জাপানের বিপক্ষে ম্যাচটি দেশটির পাশাপাশি পূর্ব এশিয়ায় ক্রিকেটকে আরও পরিচিত করে তোলার সুযোগ তৈরি করবে।

সাইকিয়া বলেন, ‘ক্রিকেটের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। ভারতীয় দলকে এটি নতুন এক ভূখণ্ডে নিয়ে যাচ্ছে এবং জাপান ও পূর্ব এশিয়ায় আরও বড় পরিসরের দর্শকের কাছে ক্রিকেটকে পরিচিত করার সুযোগ তৈরি করছে। ভারত ও জাপানের মধ্যে দীর্ঘদিনের শক্তিশালী সম্পর্ক ও বন্ধুত্ব রয়েছে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে ক্রিকেটও থাকছে—এতে আমরা আনন্দিত। এই ম্যাচটি আয়োজন সম্ভব করতে জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন (জেসিএ) যে প্রচেষ্টা চালিয়েছে, তার জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই।’

সাইকিয়া আরও বলেন, ‘বিসিসিআই বিশ্বাস করে, ক্রিকেটের বিকাশ অবশ্যই এর ঐতিহ্যবাহী পরিসরের বাইরেও ছড়িয়ে দিতে হবে। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট বোর্ড হিসেবে আমরা এই বিকাশে অবদান রাখার নিজেদের দায়িত্ব স্বীকার করি। জাপানে ক্রিকেটকে আরও শক্তিশালী করতে এবং আগামী দিনগুলোতে এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে বিসিসিআই জেসিএর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।’

বর্তমানে পুরুষদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে জাপানের অবস্থান ৪১তম। চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া এশিয়ান গেমসের আয়োজকও জাপান। তবে এশিয়ান গেমসে ক্রিকেটের ম্যাচ হবে নিশিন শহরের কোরোগি স্পোর্টস পার্কে, সানো আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে নয়।

জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নাওকি মিয়াজির কাছে ভারতের বিপক্ষে ম্যাচটি দেশের ক্রিকেটের জন্য বড় এক মাইলফলক। তিনি বলেন, ‘জাপানের ক্রিকেটের ঘরে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের আমন্ত্রণ জানাতে পারা আমাদের অ্যাসোসিয়েশনের জন্য একটি মাইলফলক। এই লক্ষ্য অর্জনে আমাদের সঙ্গে কাজ করার জন্য বিসিসিআইকে ধন্যবাদ। ভারতীয় ক্রিকেটভক্তদের উচ্ছ্বাসকে স্বাগত জানাতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। একই সঙ্গে ক্রিকেট নিয়ে কৌতূহলী স্থানীয় জাপানিদেরও মাঠে এসে আমাদের দলকে উৎসাহ দেওয়ার জন্য আমরা সক্রিয়ভাবে উৎসাহিত করছি। এটি সত্যিই স্মরণীয় এক উপলক্ষ হতে যাচ্ছে।’