২০২৫ সালের ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের পর থেকেই বর্তমান বোর্ডকে অবৈধ দাবি করছেন তামিম ইকবাল ও তাঁর সমমনা সংগঠকেরা। এই বোর্ড টিকবে তো— বিসিবি পরিচালকদের এমন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে হরহামেশাই। তবে বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ বোর্ড ভাঙার কোনো আশঙ্কা দেখছেন না।
বিসিবির গত বছরের নির্বাচনে অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহারের স্বাধীন তদন্তে ৫ সদস্যের কমিটি গত ১১ মার্চ গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এই ঘটনার পর বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন পদত্যাগ করেছেন। বোর্ড পরিচালকদের পদত্যাগ কতটা বিব্রতকর এবং এই বোর্ড কি টিকে থাকতে পারবে—আজ মিরপুরে স্বাধীনতা দিবসের লাল দল-সবুজ দল প্রদর্শনী ম্যাচ শেষে সাংবাদিকদের এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন ফারুক। বিসিবি সহসভাপতি বলেন, ‘আমি দুইটা পদত্যাগপত্র দেখেছি। একান্তই ব্যক্তিগত কারণ দেখিয়েছে। তাতে করে আসলে যদি ব্যক্তিগত কারণ মনে করেন, আমি যদি কালকে না থাকি আমার কোনো ব্যক্তিগত কারণ হতে পারে। তাই না এটাতে আমি আসলে বোর্ডের জন্য খুব বেশি... আপনি জানেন আমাদের ২৫ জন ডিরেক্টর। তাঁরা থাকলে ভালো হতো। বা না থাকলে আমার মনে হয় না বোর্ড যে চলবে না। বোর্ডের মতো আমার মনে হয় চলবে বোর্ড।’
ক্রীড়া পরিষদের তদন্ত কমিটির পর বিসিবি নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে। ১৬ মার্চ বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই তদন্ত কমিটির কথা গেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে। এ ব্যাপারে ফারুক আজ বলেন, ‘যাদের চিঠি দেওয়া হয়েছে- একটা হলো সংক্ষুব্ধ পাটি, আরেকটা হলো গিয়ে ক্রিকেট বোর্ডে যাঁরা আছেন তাঁরা। এটা থেকে কী ফলাফল পাওয়া যাবেন, তা আমার জানা নেই। কেননা যাঁরা আছেন তারা বলবেন সব ঠিক আছে। আর যাঁরা নাই, তাঁরা বলবেন সব ভুল হয়েছে।’
বয়স যে কেবল এক সংখ্যা, সেটা আজ প্রমাণ করে দেখালেন মোহাম্মদ রফিক। ৫৫ বছর বয়সে অলরাউন্ড নৈপুন্যে সবুজ দলকে এনে দিয়েছেন ১২৩ রানের জয়। ২৪ বলে করেছেন ৫০ রান। বাঁহাতের ঘূর্ণিতে নিয়েছেন ৪ উইকেট। রফিককে প্রশংসায় ভাসিয়ে আজ মিরপুরে লাল দল-সবুজ দল বিসিবি প্রদর্শনী ম্যাচ শেষে সাংবাদিকদের ফারুক বলেন, ‘বয়সটা বেড়েছে আর ফিটনেসও দেখবেন, আমাদের সবার চেয়ে ফিট সে। আর যখনই বোলিংয়ে আসে, উইকেট পায়। একটা জায়গায় বোলিং করে। রফিক রফিকের মতোই খুবই ইকোনমিকাল। যে মাস্টার্স লিগগুলো হয়, রফিক সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার হতে পারে।’
প্রদর্শনী ম্যাচে আগে ব্যাটিং করে ২০ ওভারে ৫ উইকেটে ২১৩ রান করেছে সবুজ দল। পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে ১৫.২ ওভারে ৯০ রানে গুটিয়ে গেছে। ২৪ বলে ৫০ রানের পাশাপাশি বোলিংয়ে ৪ উইকেট নিয়েছেন রফিক।