হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তান থেকে কী নিয়ে ফিরছেন বিসিবি সভাপতি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে বিদায় জানাতে লাহোর বিমানবন্দরে এসেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। ছবি: এক্স

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবার যে সময়ে পাকিস্তানে গেছেন, দেশটিতে চলছে বসন্ত উৎসব। বসন্ত উৎসবে গিয়েই পাকিস্তানের ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবে অংশ নিয়েছেন বিসিবি সভাপতি। নিজে ঘুড়ি উড়িয়েছেন। লাহোরে গতকাল ত্রিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ কতটা ‘জিততে’ পেরেছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে গতকাল মধ্যরাতে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি লাহোর বিমানবন্দরে বিদায় জানিয়েছেন বুলবুলকে। দুজনের হাসিমুখ বলে দিচ্ছে বৈঠক বৃথা যায়নি।

বুলবুল পাকিস্তানে কতই তো গেছেন। তবে এবারের আচমকা পাকিস্তান সফরটা অনেক তাৎপর্যপূর্ণ। লাহোরে বিসিবি সভাপতি গেছেন বড় এক দেনদরবারে অংশ নিতে। লাহোরে পৌঁছাতেই তাঁকে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়েছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সদর দপ্তরে যেতেই বুলবুলকে জড়িয়ে ধরেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। একে অন্যকে ধন্যবাদ জানিয়েছেন। বুলবুলকে স্বাগত জানানোর সময় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রধান নির্বাহী কর্মকর্তা সালমান নাসির এবং পিসিবি চেয়ারম্যানের উপদেষ্টা আমির মীরও উপস্থিত ছিলেন।

লাহোরে গত রাতে অনুষ্ঠিত বৈঠকটি ছিল মূলত ত্রিপক্ষীয়। নাকভি-বুলবুলের সঙ্গে এই সভায় ছিলেন আইসিসির প্রতিনিধি সদস্য। এই সভায় না থেকেও খুব ভালোভাবেই ছিল ভারত। আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা উপস্থিত ছিলেন। তিনি আইসিসি চেয়ারম্যান জয় শাহর ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরুতে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ও বুলবুল নিজেদের মধ্যে আলোচনা সেরেছেন। পরে তাঁরা বৈঠকে যোগ দিয়েছেন আইসিসির প্রতিনিধির সঙ্গে।

গত বছরের জুলাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল ঢাকায়। নাকভি-বুলবুলসহ এসিসির সদস্যদেশের প্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকলেও ছিলেন না ভারতের কেউ। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সেই সভা নিয়ে তুমুল বিরোধিতা করেছিল। শেষ পর্যন্ত ভার্চুয়ালি যোগ দিয়েছিল তারা। এসিসির এজিএম ও ২০২৫ এশিয়া কাপ সফলভাবে আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বিসিবি সভাপতি। সেই কৃতজ্ঞতা থেকেই বুলবুলের প্রতি অন্যরকম সম্পর্ক দাঁড়িয়েছে নাকভির। আর দুই দেশের সাম্প্রতিক সুসম্পর্ক তো আছেই।

লাহোরে বৈঠকের আলোচনার ইস্যু মূলত বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ না হলে যে আইসিসির বিরাট আর্থিক ক্ষতি, সেটা আর নতুন করে বলার প্রয়োজন নেই। পাকিস্তানের ভারত-ম্যাচ বর্জনের সিদ্ধান্তে বিপাকে পড়া আইসিসি সমাধানের পথ খুঁজেছে এই বৈঠকে। আর তাতে গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশও। বিসিবি ও পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসে ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচটা খেলতে পাকিস্তান রাজি হতে পারে। নাকভি এ বিষয়ে তাঁদের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

লাহোরে এই ত্রিমুখী বৈঠকে যোগ দিতে অনেকটা তাড়াহুড়ো করেই পাকিস্তানে যেতে হয়েছে বুলবুলকে। ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের ইস্যুর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশও। কারণ, বাংলাদেশের সমর্থনেই পাকিস্তান সরকার ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বলে ৪ ফেব্রুয়ারি জানিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ। একাধিক সূত্রে জানা গেছে, বাংলাদেশকেও ‘পুষিয়ে’ দিতে পারে আইসিসি। সেই ‘পুষিয়ে দেওয়া’ হতে পারে আর্থিকভাবে, হতে পারে ভবিষ্যতে বাংলাদেশকে কোনো আইসিসির ইভেন্ট আয়োজনের স্বত্ব দিয়েও। বাংলাদেশকে বিশ্বকাপের লাভের ভাগ দিতে পারে আইসিসি। ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশের বিরুদ্ধে যেসব আইসিসির ‘শাস্তিমূলক ব্যবস্থা’র আশঙ্কা দেখা দিয়েছিল, সেসব থেকেও বের হয়ে আসতে পারে তারা। কিংবা ভিন্নভাবেও বাংলাদেশকে কোনো ‘সান্ত্বনা’ বা সমর্থনসূচক বিবৃতিও দিতে পারে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

এখন পর্যন্ত লাহোরের বৈঠকে উপস্থিত সদস্যদের কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য মেলেনি। বৈঠকে উপস্থিত একটি সূত্র শুধু জানিয়েছে, বিসিবি সভাপতি নিজেদের অবস্থান জোরালোভাবে তুলে ধরেছেন। সেটির প্রেক্ষাপটে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দেনদরবার চলেছে।

নিরাপত্তার কারণে ভারতে যেতে না চাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের। এই পরিস্থিতিতে পাকিস্তানকে পাশে পেয়েছে বাংলাদেশ। তাদের সমর্থনে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। এসব কারণেই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের পাকিস্তান সফরটা হয়ে উঠেছে বিশেষ তাৎপর্যপূর্ণ।

বিসিবির চাওয়া পূরণ করল আইসিসি

প্রবাসী আনিকাকে নিয়েই এশিয়ান কাপে যাচ্ছে বাংলাদেশ

পাকিস্তানকে ভারতের বিপক্ষে খেলতে বাংলাদেশের অনুরোধ

রোমাঞ্চকর ফাইনালে শান্তদের হারিয়ে চ্যাম্পিয়ন লিটনরা

হুমকিতে ভয় পাই না, আমাদের সেনাপ্রধানকে তো চেনেন—বলছে পাকিস্তান

শাস্তি নয়, উল্টো আইসিসির কাছ থেকে টাকা পাবে বাংলাদেশ

ওমানকে উড়িয়ে বিশ্বকাপ শুরু জিম্বাবুয়ের

বাংলাদেশ বাদ পড়ার পর আইসিসি চেয়ারম্যান জয় শাহর পোস্টে শুধুই ‘হা হা’

বাংলাদেশ-পাকিস্তানের বৈঠক নিয়ে ভারত কী বলছে

ভারত ইস্যুতে পাকিস্তানকে সিদ্ধান্ত বদলাতে বলছে আমিরাত