হোম > খেলা > ক্রিকেট

‘ইসরায়েলের সঙ্গে পাকিস্তানের কোনো পার্থক্যই নেই’

ক্রীড়া ডেস্ক    

কাবুলে পাকিস্তানি বিমানবাহিনীর হামলায় নিহতের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন আফগান ক্রিকেটাররা। ছবি: সংগৃহীত

পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ এখনো চলছেই। আজ সকালে কাবুলে পাকিস্তানি বিমানবাহিনীর হামলায় ৪০০ মানুষ নিহতের খবর শোনা গেছে। এই হামলায় সামাজিক মাধ্যমে কড়া প্রতিবাদ জানিয়েছেন আফগান ক্রিকেটাররা। কাবুলে পাকিস্তানের বিমানবাহিনীর হামলাকে তুলনা করা হচ্ছে ইসরায়েলের হামলার সঙ্গে।

ফিলিস্তিনের গাজা উপত্যকা, ইরানে একের পর এক ইসরায়েলি হামলায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। সামাজিক মাধ্যমে চোখ পড়তেই দেখা যায় স্বজনদের আহাজারি ও শিশুদের আর্তনাদ। আজ কাবুলে একটি মাদক পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানি বিমানবাহিনীর হামলায় ৪০০ মানুষ নিহতের খবর শুনে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে নাভিন উল হক লিখেছেন, ‘ইসরায়েলের সঙ্গে পাকিস্তানের কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না।’

কাবুলে পাকিস্তানের বিমান হামলা যুদ্ধাপরাধের শামিল মনে করছেন রশিদ খান। আফগান তারকা লেগস্পিনার ফেসবুকে লিখেছেন, ‘কাবুলে পাকিস্তানের বিমান হামলার ফলে বেসামরিক মানুষের হতাহতের খবর শুনে গভীরভাবে শোকাহত। বেসামরিক বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান বা চিকিৎসা অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো—ইচ্ছাকৃত হোক বা ভুলবশত—এটি একটি যুদ্ধাপরাধ। বিশেষ করে পবিত্র রমজান মাসে মানবজীবনের প্রতি এমন চরম অবহেলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এটি কেবল বিভাজন ও ঘৃণাকেই আরও উসকে দেবে।’

আফগানিস্তানে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির দাবিতে জাতিসংঘকে আহ্বান জানিয়েছেন রশিদ। তারকা আফগান লেগস্পিনার লিখেছেন, ‘আমি জাতিসংঘ এবং অন্যান্য মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাই যেন তারা এই নৃশংস ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনে। এই কঠিন সময়ে আফগান জনগণের পাশে আছি। জাতি হিসেবে আমরা আবার উঠে দাঁড়াব। সব সময় সেটাই করি।ইনশা আল্লাহ।’

রাষ্ট্রীয় সংঘাতের প্রভাব পড়েছে ক্রিকেটের ওপরও। গত বছরের শেষের মধ্যে শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ হওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত আফগানরা সেই সিরিজে খেলেনি। তাদের পরিবর্তে জিম্বাবুয়ে খেলেছিল। পাকিস্তানে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায়ঘণ্টা বেজে যায় আফগানিস্তানের। আইসিসি ইভেন্ট শেষেই শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটের সিরিজ হওয়ার কথা ছিল। সবকিছু ঠিকঠাক থাকলে ১৩, ১৫ ও ১৭ মার্চ তিন টি-টোয়েন্টি হতো শারজায়। আর দুবাইয়ে ২০, ২২ ও ২৫ মার্চ হওয়ার কথা ছিল তিন ওয়ানডে। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে শ্রীলঙ্কা-আফগানিস্তান সিরিজ স্থগিত হয়ে যায়।

আমি আর চুপ করে থাকতে পারছি না: নেইমার

পাকিস্তানি ক্রিকেটারের কারণে ভারতীয় মালিকানাধীন দলকে ধুয়ে দিলেন গাভাস্কার

ফিফার সঙ্গে আলোচনা করে বিশ্বকাপের ভেন্যু বদলাচ্ছে ইরান

রিয়াল-ম্যান সিটি হাইভোল্টেজ ম্যাচ দেখবেন কোথায়

‘ভুলত্রুটি যে হয়নি, তা তো নয়, তবে এটা হয়’

আর্জেন্টিনার সর্বোচ্চ ম্যাচ খেলা গোলরক্ষকের অবসর

পিএসএলে একই দলে নাহিদ রানা-শরীফুল

রিয়ালের বিপক্ষে অলৌকিক কিছুর আশায় সিটি

ব্রাজিল দলে এবারও সুযোগ পাননি নেইমার

‘পাকিস্তান কি এখন আইসিসি ট্রফি চুরি করবে’