বাংলাদেশ-পাকিস্তানের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সালমান আলী আগার রানআউট নিয়ে আলোচনা এখন তুঙ্গে। এর পক্ষে-বিপক্ষে কথা বলছেন বর্তমান-সাবেক ক্রিকেটাররা। সেই রানআউট করে যিনি আলোচনায়, সেই মেহেদী হাসান মিরাজ অবশ্য পাশে পাচ্ছেন সতীর্থ লিটন দাসকে।
লিটনের মতে, আন্তর্জাতিক ম্যাচে আইন থাকায় এটা স্পষ্ট আউট। এই প্রসঙ্গে উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি; এটা আন্তর্জাতিক ম্যাচ। যেহেতু আইনে আছে আউট। আমি তো এখানে কোনো দিক থেকেই দেখি না স্পোর্টসম্যানশিপ নষ্ট হওয়া বা কোনো কিছু।’
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে বাংলাদেশকে ১২৮ রানের বিশাল ব্যবধানে। ম্যাচে সালমানের রান আউটের ঘটনাটি ঘটে ৩৯ তম ওভারের চতুর্থ বলে। মিরাজের ডেলিভারিতে হালকা পুশ করে বল ২২ গজের ভেতরেই রাখেন মোহাম্মদ রিজওয়ান। সিঙ্গেল নেওয়ার জন্য পপিং ক্রিজ ছেড়ে খানিকটা এগিয়ে গেলেও আবার পেছনে ফেরার চেষ্টা করেন সালমান। মিরাজ বলটি পা দিয়ে ঠেকানোর পর জটলার ভেতর তাঁর হাতে সালমান বল তুলে দেওয়ার চেষ্টা করেন। অথচ বল তখনো ডেড হয়নি। সালমান বলে হাত দেওয়ার আগেই তা তুলে নিয়ে স্টাম্পে মারেন মিরাজ। সঙ্গে সঙ্গে আবেদন করেন রানআউটের। এতে অবাকই হন সালমান। ড্রেসিংরুমে ফেরার সময় দূর থেকে লিটন দাসের তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন তিনি। বিষয়টি নিয়ে বাংলাদেশের যে কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে সালমানের তর্ক হয় লিটন তাঁদের মধ্যে অন্যতম।
ম্যাচ শেষে সালমানের দাবি, আইন অনুযায়ী আউট হলেও এটা ক্রিকেটারে চেতনা পরিপন্থী। তবে আইন থাকায় এই আউট নিয়ে বিতর্কের সুযোগ দেখছেন না লিটন, ‘যে যার ব্যক্তিগত মতামত দিতেই পারে। আমাদের কাছে মনে হয়েছে এটা আউট… তো আউট।’