হোম > খেলা > ফুটবল

ভিয়েতনামে পৌঁছেই হামজা বললেন, ‘আমি রেডি’

ক্রীড়া ডেস্ক    

ভিয়েতনামে পৌঁছে হাভিয়ের কাবরেরার সঙ্গে আলাপ-আলোচনায় ব্যস্ত হামজা চৌধুরী। ছবি: বাফুফে

সতীর্থরা সময় আগেভাগেই চলে গিয়েছিলেন ভিয়েতনামে। ঈদের দিন সকালে হ্যানয় বিমানবন্দরে পৌঁছেই দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জামাল ভূঁইয়া-শমিত শোমরা। কিন্তু হামজা চৌধুরী নির্ধারিত সময়ে পৌঁছাতে পারেননি। ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আজ তিনি যোগ দিয়েছেন দলের সঙ্গে।

২০২৫ সালের মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপের ম্যাচ দিয়ে অভিষেক হয় হামজার। দীর্ঘ এক বছরে ভারতের পাশাপাশি হংকং, নেপাল, ভুটানের বিপক্ষে খেলেছেন তিনি। এবার হামজা খেলতে যাচ্ছেন নতুন এক প্রতিপক্ষের বিপক্ষে। ২৬ মার্চ প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভিয়েতনাম। এই ম্যাচ নিয়ে ভীষণ রোমাঞ্চিত হামজা। আজ ভিয়েতনামে পৌঁছে বাফুফের ভিডিও বার্তায় বাংলাদেশের অভিজ্ঞ মিডফিল্ডার বলেন, ‘আলহামদুলিল্লাহ আমি রেডি আছি। প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে খেলব ভিয়েতনামের বিপক্ষে। তাতে আমি ভীষণ রোমাঞ্চিত।’

ভিয়েতনামের স্থানীয় সময় বিকেলে বিমানবন্দরে পা রেখেছেন হামজা। পৌঁছেই সবাইকে ঈদ মোবারক জানিয়েছেন তিনি। দীর্ঘ ১৭ ঘণ্টার যাত্রা হলেও তাঁকে বেশ প্রাণবন্ত লেগেছে। বিমানবন্দর থেকে চলে গেলেন মাঠে। সতীর্থদের সঙ্গে আড্ডায় মেতে উঠলেন তিনি। কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গেও কী নিয়ে যেন কথা বলতে দেখা গেছে হামজা। বাফুফের ভিডিও বার্তায় বাংলাদেশের অভিজ্ঞ মিডফিল্ডার বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি। ১৭ ঘণ্টা সময় লেগেছে। ইস্তাম্বুলে স্টপওভার ছিল।এটা বিশেষ কিছু না।’

গত ৩১ জানুয়ারি ইংলিশ চ্যাম্পিয়নশিপে চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পান হামজা। তাতে ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে তাঁকে পাওয়া নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেই অনিশ্চয়তা কাটিয়ে দলে যোগ দিয়ে হামজা বললেন, ‘কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। ভালো বোধ করছি। ইনশা আল্লাহ খেলতে প্রস্তুত।’

ভিয়েতনাম-সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে ২০ মার্চ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ২৩ সদস্যের দল ঘোষণা করে। বাফুফের ঘোষিত দলে শমিত-জামাল-শেখ মোরসালিনদের সঙ্গে আছে হামজার নামও। দল ঘোষণার পর দিনই (২১ মার্চ) হামজার ভিয়েতনামে পৌঁছানোর কথা ছিল। নির্ধারিত সময়ে কেন পৌঁছাতে পারেননি, সেই ব্যাখ্যায় গত পরশু বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার আমের খান বলেছিলেন, ‘আসলে হামজার আসার যে তারিখটা ছিল, সেটা নিয়ে অনেকে বিভ্রান্তিতে ছিলেন। কেউ বলেছিলেন ২১ তারিখ (ঈদের দিন)। আসলে আমরাও এভাবে তৈরি করেছিলাম। ২২ তারিখ হামজা এখানে জয়েন করবে। যেহেতু হামজার একটা ম্যাচ ছিল, প্রথমে তার দলের সঙ্গে থাকার কথা ছিল। কিন্তু পরে তার নাম খেলোয়াড়দের তালিকায় ছিল।’

ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ভিকারাজ রোড স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ওয়াটফোর্ড-লেস্টার সিটি। হামজা লেস্টার সিটির দলে থাকলেও তাঁর কাটাতে হয়েছে বেঞ্চে বসেই। এই ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। লেস্টার সিটির কাছ থেকে ছাড়পত্র না পাওয়াতেই আজ দেরিতে ভিয়েতনামে অবস্থানরত বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজা।

২৬ মার্চ প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভিয়েতনাম। ভিয়েতনাম ম্যাচের এক সপ্তাহ না পেরোতেই সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই দুটি ম্যাচই বাংলাদেশের জন্য অ্যাওয়ে ম্যাচ। যার মধ্যে ৩১ মার্চ বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটি এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের অন্তর্ভুক্ত।

১১ পয়েন্ট নিয়ে এশিয়ান কাপ বাছাইপর্বে ‘সি’ গ্রুপের শীর্ষে সিঙ্গাপুর। দুই, তিন ও চারে থাকা হংকং, বাংলাদেশ ও ভারতের পয়েন্ট ৮, ৫ ও ২ । প্রত্যেকেই পাঁচটি করে ম্যাচ খেলেছে। যেখানে গত বছরের নভেম্বরে জাতীয় স্টেডিয়ামে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

‘সবাই মেসি-রোনালদোর খেলাই দেখেন, কিন্তু নেপথ্যের মানুষদেরও অবদান অনেক’

‘অর্ধেক ফিট নেইমারকেও বিশ্বকাপ দলে নেওয়া উচিত’

বিশ্বকাপ টিকিট নিয়ে ফিফার বিরুদ্ধে মামলা

মেসির মতো গোল দিয়ে নজর কাড়লেন যুক্তরাষ্ট্রপ্রবাসী রোনান

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের দারুণ শুরু

আইপিএল খেলতে পারবেন না ধর্ষণের দায়ে অভিযুক্ত ভারতীয় ক্রিকেটার

ধাক্কা খেল ব্রাজিল-আর্জেন্টিনা

অবসরের জন্যই শুধু সাকিব ফিরবেন, এমনটা চান না বিসিবি প্রধান নির্বাচক

বাংলাদেশি ভাই মোস্তাফিজ-ইমনকে স্বাগত জানাল লাহোর

লন্ডনে সাকিবের জন্মদিনে চমক, কেক কাটলেন বিসিবি পরিচালক