নারী এশিয়ান কাপে বাংলাদেশ শেষটা করল হতাশায়। উজবেকিস্তানের কাছে গ্রুপের শেষ ম্যাচে হেরেছে ৪-০ গোলে। এর আগে বর্তমান চ্যাম্পিয়ন চীনের কাছে ২-০ ও উত্তর কোরিয়ার কাছে হারতে হয়েছে ৫-০ গোলে। প্রতিটি হারই যেন বাস্তবতাকে তুলে ধরেছে। যা আর নিতে পারছেন না বাংলাদেশ কোচ পিটার বাটলার।
অস্ট্রেলিয়ায় যাওয়া প্রস্তুতির ঘাটতি নিয়ে বাফুফের ওপর একরাশ ক্ষোভ ঝারেন বাটলার। এশিয়ান কাপ শেষে তাই পদত্যাগের ইঙ্গিত দিলেন তিনি। ইংল্যান্ডে গিয়ে স্ত্রীর সঙ্গে কথা বলে ভাববেন ভবিষ্যতের ব্যাপারে। অথচ এপ্রিলেই থাইল্যান্ডে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। সেখানেও ডাগআউটে থাকার কথা রয়েছে তাঁর। চুক্তিও রয়েছে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত।
উজবেকিস্তানের কাছে হারের পর আজ সংবাদ সম্মেলনে বাটলার বলেন, ‘আমি ইংল্যান্ডে ফিরে যাচ্ছি। আমি সেখানে গিয়ে আমার স্ত্রীর সাথে কথা বলব, আমার কুকুরকে নিয়ে হাঁটতে বের হব এবং এরপর আমার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবব। কারণ যেভাবে প্রত্যাশা ছিল, সেভাবে সাহায্য বা সাপোর্ট না পেলে আমি দায়িত্ব চালিয়ে নিতে পারছি না।’
এশিয়ান কাপে বাংলাদেশের খেলা বাটলারের কাছে ছিল অলৌকিক ব্যাপার। তিনি বলেন, ‘আমি কোনো জাদুকর নই। বাচ্চাদের জন্মদিনের পার্টিতে গিয়ে টুপির ভেতর থেকে সাদা খরগোশ বের করতে পারি না। এখানে আমরা যে পর্যন্ত এসেছি, সেটা সত্যি বলতে একটা অলৌকিক ব্যাপার। আশা করি আপনারা আমার সঙ্গে একমত হবেন। আমরা ভাগ্যের জোরে জিতিনি, আমরা ভালো ফুটবল খেলেছি।’
বাটলার আরও বলেন, ‘সবার আগে আমাদের বিনিয়োগ করতে হবে। ভিডিও ইকুইপমেন্ট এবং ক্যামেরা দিয়ে শুরু করতে হবে। আমাদের নিজেদের পরিকল্পনা এবং প্রস্তুতি নিয়ে গুরুত্ব সহকারে ভাবতে হবে। আপনি যদি বড় দলগুলোর সঙ্গে পাল্লা দিতে চান, তবে বুঝতে হবে যে সাফ লেভেলের চেয়ে এই লেভেলটা অনেক উঁচুতে। সাফে আপনি আসলে সেভাবে পরীক্ষিত হন না।’