সিডনিতে আজ স্বস্তির পরশ নিয়ে আসে এক পশলা বৃষ্টি। অস্ট্রেলিয়ার শহরটিতে গত ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ নারী ফুটবল দল পা রাখার পর থেকেই গরমে অতিষ্ঠ হয়ে পড়ে। তাই আবওহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াটা হয়ে ওঠে বেশ চ্যালেঞ্জিং। আজ রোদের ছায়া খুব একটা ছিল না এবং আকাশও ছিল মেঘলা।
এমনই এক দিনে অনুশীলন থেকে ফুটবলারদের বিরত রেখেছেন কোচ পিটার বাটলার। বিরতি রাখাটাই স্বাভাবিক। কারণ অস্ট্রেলিয়া যাওয়ার পর থেকেই প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েন ফুটবলাররা। তাঁদের চেষ্টায় কোনো ঘাটতি দেখছেন না বাটলার। যদিও এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জনের পর থাইল্যান্ডে ফুটবলারদের পারফরম্যান্সে খুশি ছিলেন না তিনি। কারও কারও ঢিলেমি ভাব বিরক্ত করে তোলে তাঁকে। তবে মূল টুর্নামেন্টের আগে দল নিয়ে কোনো অভিযোগ নেই তাঁর।
১ মার্চ থেকে সিডনি, গোল্ডকোস্ট ও পার্থ— অস্ট্রেলিয়ার ৩ শহরে শুরু হবে নারী এশিয়ান কাপ। বাংলাদেশের গ্রুপে রয়েছে চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান প্রথম ম্যাচ অবশ্য ৩ মার্চ। প্রতিপক্ষ টুর্নামেন্টে সর্বাধিক ৯ বারের ও বর্তমান চ্যাম্পিয়ন চীন। ২০২২ সালে সর্বশেষ এশিয়ান কাপ জয়ের পর অবশ্য সময়টা ভালো কাটছে না তাদের। ব্যর্থ হয়েছে বড় টুর্নামেন্টগুলোতে। ২০২৩ নারী বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর পায়নি প্যারিস অলিম্পিকে খেলার সুযোগও।
সবচেয়ে বড় ধাক্কাটি ছিল গত নভেম্বরে ওয়েম্বলি স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচে ইংল্যান্ডের কাছে ৮-০ গোলের বড় ব্যবধানে হার। দলটির অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত কোচ আন্তে মিলিসিচ অবশ্য মনে করছেন দল সেই হার থেকে শিক্ষা নিয়েছে দল।
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১১২) সঙ্গে চীনের (১৭) ব্যবধানটা ৯৫ ধাপের। তাই প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে গোনায় না ধরলেও খুব একটা বলার কিছু থাকবে না। তবে বাংলাদেশকে কোনোমতেই হালকাভাবে নিতে নারাজ মিলিসিচ। চীনা কোচ বলেন, ‘আজকাল সবাই শারীরিকভাবে অনেক বেশি ফিট এবং সুশৃঙ্খল ফুটবল খেলছে। প্রথম প্রতিপক্ষ বাংলাদেশকে সম্মান করতে হবে। তারা এবারই প্রথম এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।’
চীনের দুজন ফুটবলার খেলে থাকেন অস্ট্রেলিয়ার এ লিগের ক্লাব ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সে। সেই ক্লাবের বিপক্ষে পরশু রুদ্ধদ্বার প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ম্যাচটি ১-১ গোলে ড্র হলেও জয়-পরাজয় মুখ্য ছিল না বাটলারের কাছে। ২৬ সদস্যের স্কোয়াডের অনেককেই ঘুরিয়ে ফিরিয়ে খেলান তিনি। তাতে সম্ভাব্য সেরা আউটপুট পেয়েছেন কি না, তা মূল ম্যাচেই দেখা যাবে।
ছয় দিন সিডনির ভ্যালেনটাইনস স্পোর্টস পার্কে ক্যাম্প করলেও কাল টিম হোটেলে উঠবেন ঋতুপর্না-আফঈদারা।