হোম > খেলা > ফুটবল

মেসির মতো গোল দিয়ে নজর কাড়লেন যুক্তরাষ্ট্রপ্রবাসী রোনান

ক্রীড়া ডেস্ক    

পাকিস্তানের বিপক্ষে জোড়া গোলে ম্যাচসেরা হয়েছেন রোনান সুলিভান। ছবি: বাফুফে

এলাম, দেখলাম, জয় করলাম—রোনান সুলিভানের কাছে ব্যাপারটা যেন এমনই। বাংলাদেশের জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নেমেই নায়ক বনে গেলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল দিয়ে পেলেন ম্যাচসেরার পুরস্কার।

অনূর্ধ্ব-২০ সাফ শুরুর আগেই আলোচনায় ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী দুই যমজ রোনান সুলিভান ও ডেকলান সুলিভান। মালের জাতীয় স্টেডিয়ামে আজ পাকিস্তানের বিপক্ষে ডেকলানের খেলা না হলেও সুযোগ পেয়েছেন রোনান সুলিভান। নেমেই সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন রোনান। তাঁর করা জোড়া গোলে পাকিস্তানকে হারিয়ে সাফে দারুণ শুরু করেছেন বাংলাদেশ যুবারা।

ম্যাচের শুরু থেকেই পাকিস্তানকে চাপে রেখেছিল বাংলাদেশ। কিন্তু একের পর এক চেষ্টা করেও গোলমুখ খুলতে পারছিল না তারা। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে। প্রথমার্ধেই অবশ্য ফরোয়ার্ড রোনানের সুযোগ ছিল গোল দেওয়ার। তবে সতীর্থ ফয়সাল-মোরশেদদের ‘স্বার্থপর ফুটবলে’ সে সব সুযোগ হাওয়ায় মিলিয়ে গেছে।

দ্বিতীয়ার্ধের শুরুর ৮ মিনিট পর গোলের দেখা পায় বাংলাদেশ। ৫৩ মিনিটে রোনান সুলিভানের চোখধাঁধানো ৩০ গজি ফ্রি-কিকে বাংলাদেশ এগিয়ে যায় ১-০ গোলে। ফ্রি কিক থেকে যেভাবে গোল করেছেন, সেটা যেন মেসিদের ফ্রি-কিককে মনে করিয়ে দেয়। দ্বিতীয় গোলটা রোনান করেছেন ৬৭ মিনিটে। শেখ সংগ্রামের ক্রস রিসিভ করে রোনান সুলিভান বলে এমনভাবে মাথা ছুঁয়েছেন, পাকিস্তানি গোলরক্ষক কিছুই বুঝে উঠতে পারেননি।

শেষ ২৩ মিনিটে বাংলাদেশ-পাকিস্তান কোনো দলই গোল করতে পারেনি। রেফারির শেষ বাঁশি বাজার পরই খেলোয়াড়রা তো বটেই, মালের জাতীয় স্টেডিয়ামে প্রবাসী বাংলাদেশি দর্শকদেরও গর্জন শোনা যায় গ্যালারিতে। পাকিস্তানের বিপক্ষে ২-০ গোলে জয়ের পর বাংলাদেশের জাতীয় পতাকা উঁচিয়ে ধরেছেন ফুটবলাররা। চোখধাঁধানো গোলে ম্যাচসেরা হয়েছেন রোনান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল চেহারার এই যুক্তরাষ্ট্রপ্রবাসী ফুটবলার বলেন, ‘এটা অসাধারণ। দারুণ এক অর্জন। এরপর ভারতকে হারানোর লক্ষ্য।’ গোলের পর দুই হাত উঁচিয়ে রোনান-মুরশেদ যেভাবে উদযাপন করেছেন, সেটাও ইউরোপীয় ফুটবলে হরহামেশাই দেখা যায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে একটা ছবিতে দেখা গেছে, তাঁদের (রোনান-মুরশেদ) উদযাপনের সঙ্গে রাফিনিয়া-লামিনে ইয়ামালের উদযাপনের মিল রয়েছে।

পাকিস্তানের বিপক্ষে ২-০ গোলে জয়ী বাংলাদেশের পরের প্রতিপক্ষ ভারত। ২৮ মার্চ ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আজ যে রোনানের মুখে হাসির ঝলক দেখা গেছে, সেটা নিশ্চয়ই ভারত-ম্যাচেও ধরে রাখতে চাইবেন তিনি।

‘সবাই মেসি-রোনালদোর খেলাই দেখেন, কিন্তু নেপথ্যের মানুষদেরও অবদান অনেক’

‘অর্ধেক ফিট নেইমারকেও বিশ্বকাপ দলে নেওয়া উচিত’

ভিয়েতনামে পৌঁছেই হামজা বললেন, ‘আমি রেডি’

বিশ্বকাপ টিকিট নিয়ে ফিফার বিরুদ্ধে মামলা

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের দারুণ শুরু

আইপিএল খেলতে পারবেন না ধর্ষণের দায়ে অভিযুক্ত ভারতীয় ক্রিকেটার

ধাক্কা খেল ব্রাজিল-আর্জেন্টিনা

অবসরের জন্যই শুধু সাকিব ফিরবেন, এমনটা চান না বিসিবি প্রধান নির্বাচক

বাংলাদেশি ভাই মোস্তাফিজ-ইমনকে স্বাগত জানাল লাহোর

লন্ডনে সাকিবের জন্মদিনে চমক, কেক কাটলেন বিসিবি পরিচালক