সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন স্বাগতিকেদের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তিন পেসার এবং দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পেস আক্রমণে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে রাখা হয়েছে নাহিদ রানাকে। মিরাজের সঙ্গে স্পিন বিভাগের দায়িত্ব সামলাবেন রিশাদ হোসেন। পাকিস্তান সিরিজ দিয়ে লম্বা সময় পর বাংলাদেশ দলে ফেরানো হয় আফিফ হোসেন ধ্রুবকে। একাদশেও রাখা হয়েছে এই অলরাউন্ডারকে। সিরিজ শুরুর আগেই লিটন দাসকে মিডলঅর্ডারে খেলানোর কথা জানানো হয়েছিল; হচ্ছেও তা-ই। আজ পাঁচে ব্যাট করতে দেখা যাবে তাঁকে।
পাকিস্তানের বিপক্ষে সিরিজটি একটু বেশিই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এই সিরিজটি দিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ— গতকাল এমনটি জানিয়েছেন অধিনায়ক মিরাজ।
চমক দিয়ে একাদশ সাজিয়েছে পাকিস্তান। একাদশে আছেন তিন অভিষিক্ত ব্যাটার সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত ও শামাইল হুসাইন। এ ছাড়া সফরকারীদের একাদশে আছেন মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, ফাহিম আশরাফদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।
দুই দলের একাদশ:
বাংলাদেশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামাইল হুসাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আঘা, হুসাইন তালাত, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম ও আবরার আহমেদ।