জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন। আজ মঙ্গলবার শফিকুর রহমানের সংসদ ভবনস্থ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সুইজারল্যান্ড দূতাবাসের হেড অব পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড কমিউনিকেশন অ্যাফেয়ার্স আলবের্তো জিওভানেত্তি এবং সিনিয়র পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড প্রেস অফিসার খালেদ চৌধুরী উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশের নির্বাচন-পরবর্তী সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ-সুইজারল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বিনিয়োগ সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় ভবিষ্যতেও বাংলাদেশের প্রতি সুইজারল্যান্ডের দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন রাষ্ট্রদূত। একই সঙ্গে বাংলাদেশে সুইজারল্যান্ডের বিনিয়োগ আরও বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া রোহিঙ্গা সংকট, মানবাধিকার এবং এসব বিষয়ে বিরোধী দল ও নাগরিক সমাজের ইতিবাচক ভূমিকা নিয়েও আলোচনা হয়। এ সময় বিরোধীদলীয় নেতা গ্রীন এনার্জি, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন খাতে সুইজারল্যান্ডকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।