হোম > রাজনীতি

মনিরার জন্য অপেক্ষা সন্ধ্যা পর্যন্ত, অন্যথায় নুসরাতের গেজেট প্রকাশ করবে ইসি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মনিরা শারমিন ও নুসরাত তাবাসসুম। ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের বিষয়ে আদালত থেকে কোনো তথ্য আসে কিনা তা আজ সন্ধ্যা পর্যন্ত দেখবে নির্বাচন কমিশন (ইসি)। যদি এ সময়ের মধ্যে তাঁর বিষয়ে কোনো তথ্য না আসে তাহলে জোটের আরেক প্রার্থী এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করবে ইসি।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ দপ্তরে গণমাধ্যম কর্মীদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনিরা শারমিনকে মনোনয়ন দিয়েছিল জামায়াত জোট। কিন্তু রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংক হতে চাকরি ছাড়ার তিন বছর না হওয়ায় আইন অনুযায়ী তাঁর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে তিনি আপিল করেন ইসিতে। সেখানেও রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল থাকে। পরবর্তীতে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন মনিরা শারমিন। তবে এখনো হাইকোর্ট তাঁর ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেয়নি।

এর আগে গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বিকেল ৪টার (১৯ মিনিট পরে) পর মনোনয়নপত্র জমা দিয়েছিলেন নুসরাত তাবাসসুম। কিন্তু তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। পরে হাইকোর্টের নির্দেশনা পেয়ে নুসরাতের মনোনয়ন গ্রহণ করে ইসি। যাচাই-বাছাই শেষে নুসরাতের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এরই মধ্যে তাঁকে বৈধ প্রার্থী ঘোষণা করে ইসি। এখন তাঁর গেজেট প্রকাশ বাকি।

এদিকে গতকাল রোববার মনিরা শারমিন ইসিকে একটি চিঠি দেয়। যেখানে তিনি তাঁর দায়েরকৃত মামলাটির শুনানি না হওয়া পর্যন্ত নারী আসনের অন্য প্রার্থীর যেন গেজেট না হয় সে অনুরোধ জানান।

এই বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘আদালতের কোনো তথ্য এখন পর্যন্ত আমরা পাই নাই। মনিরা শারমিনের চিঠিতে তো কিছু যায় আসে না। আমরা আজকে (সোমবার) সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে যদি তাঁর বিষয়ে কোনো তথ্য না আসে তাহলে আমরা নুসরাত তাবাসসুমের নামে গেজেট প্রকাশ করব।’

তিনি আরও বলেন, ‘মনিরা শারমিন চিঠিতে কোনো কজলিস্ট উল্লেখ করেননি। কখন শুনানি হবে, আজকে হবে নাকি পরশু হবে কিছুই জানাননি। তাহলে আমরা কতক্ষণ অপেক্ষা করতে পারি? তারপরও আমরা সন্ধ্যা পর্যন্ত দেখব। এরপর সিদ্ধান্ত নেব।’

গেজেট প্রকাশের পর মনিরার বিষয়ে যদি আদালত কোনো আদেশ দেয় তাহলে ইসি কি সিদ্ধান্ত নেবে জানতে চাইলে রহমানেল মাছউদ বলেন, ‘মনিরা শারমিন যদি আদালতের আদেশ আনতে পারেন তাহলে আমরা সেটা দেখব। আদেশ হলে আমরা কোনো আপিল করব না। সে যদি আদেশ নিয়ে আসে, তাহলে আমরা তাঁরটাই ক্যারি আউট করব। কিন্তু গতকাল পর্যন্ত উনি আসেন নাই, আজকে এখন পর্যন্ত আসেননি। তাই সন্ধ্যার মধ্যে না এলে আমরা ঘোষণা দিয়ে দেব।’

মৌলিক সংস্কার করে ক্ষমতায় ভারসাম্য আনতে হবে: শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুলাই অভ্যুত্থানের দুই বছর: ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই

স্থানীয় সরকার নির্বাচন: আ.লীগ নিয়ে বিএনপিতে দুই মত

নেতাদের দায়িত্ব পুনর্বণ্টন হচ্ছে এনসিপিতে

ধানমন্ডিতে সাংবাদিকের ওপর হামলা: তদন্ত কমিটির সুপারিশে জামায়াতের ৪ কর্মী বহিষ্কার

বাজেট পাসে সংসদের ভূমিকা রাবার স্ট্যাম্প: জামায়াতের এমপি নাজিবুর

এক-এগারোর সময়ে তারেক রহমানের ওপর নির্যাতনের ঘটনার বিচারের দাবি সংসদে

সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির