হোম > রাজনীতি

আপনি দয়া করে সাবধান থাকবেন—প্রধানমন্ত্রীকে মির্জা আব্বাস

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি: ভিডিও থেকে নেওয়া

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে তাঁকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, ‘এই দলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেক ষড়যন্ত্র হবে, আপনার বিরুদ্ধেও অনেক ষড়যন্ত্র হবে। আপনি দয়া করে সাবধান থাকবেন।’

আজ শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এসব কথা বলেন মির্জা আব্বাস।

মির্জা আব্বাস বলেন, ‘নিঃসন্দেহে আপনি অনেক উদার, তবে সব সময় সব জায়গা এমন যাবে না। বহু কর্মী আছে, নেতা আছে, যারা আপনার সামনে অনেক ভালো ভালো কথা বলে, কিন্তু বাইরে এসে ভালো কথা বলে না।’

প্রধানমন্ত্রীকে সতর্ক করে মির্জা আব্বাস আরও বলেন, ‘বিষয়গুলো সম্পর্কে আপনার একটু সাবধান হওয়া উচিত। কারণ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কিন্তু স্বাভাবিক মৃত্যু হয়নি। অবশ্যই দেশনেত্রীর মৃত্যু স্বাভাবিক, বেগম খালেদা জিয়াকে কেউ হত্যা না করলেও যেভাবে মারা গেছেন, সেটি আমাদের কারও কাম্য ছিল না।’

তারেক রহমানের বিভিন্ন কাজের প্রশংসা করে মির্জা আব্বাস বলেন, ইতিমধ্যে প্রধানমন্ত্রী অনেক প্রশংসনীয় কাজ করেছেন। কিন্তু তাঁর সব ভালো কাজ কিছু খারাপ লোকের খারাপ কথায় ও কাজে ধ্বংস হয়ে যাচ্ছে।

এ বিষয়ে প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে মির্জা আব্বাস বলেন, দলের নেতা-কর্মীদের কর্মকাণ্ড ও তাঁদের দেওয়া তথ্যের বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন।

মির্জা আব্বাস বলেন, দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও ষড়যন্ত্র হতে পারে। তাই এসব বিষয়ে তাঁকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।